ডিএমপি অভিযান, গ্রেফতার, মামলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২, উত্তরা বিভাগে ৬৩, গোয়েন্দা বিভাগে (ডিবি) নয় এবং সিটিটিসিতে একজন রয়েছেন।

অভিযানে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুইটি চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়।

এ সময় ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, পাঁচ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক ও বোতল, লেবেলবিহীন সিরাপের ৩০০টি বোতল, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুইটি ছাঁচ রয়েছে।

ডিএমপি আরো জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।