
টাঙ্গাইলে আহাতন বেওয়া (১২০) নামে এক বৃদ্ধা নারীকে হত্যার দায়ে বাদল ওরফে বাবু (২৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি বাদল ওরফে বাবু জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রৌহা (আকন্দপাড়া) গ্রামের মরহুম খলিলুর রহমানের ছেলে।
টাঙ্গাইল দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম রিপন নয়া দিগন্তকে জানান, ভূঞাপুরের ফলদা গ্রামের ১২০ বছর বয়সী বৃদ্ধা আহাতন বেওয়ার ছেলে শিহাব উদ্দীন ফলদা বাজারে মুদি দোকান করতেন। সেই দোকানের কর্মচারী ছিল আসামি বাদল। কিন্তু বাদল কাজে ভালো না থাকায় তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন শিহাব। এছাড়া দোকান মালিকের পরিবারের সাথেও আসামির মনোমালিন্য ছিল। এসব কারণে বাদল ক্ষুব্ধ হয়ে ২০১৯ সালের ২৬ নভেম্বর দুপুরে শিহাব উদ্দিনের বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মাকে একা পেয়ে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ওই দিন বিকেলে যমুনা সেতু পূর্ব রেলস্টেশন এলাকা থেকে বাদলকে আটক করে পুলিশ।
ঘটনার দিনই শিহাব উদ্দিন বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা করেন। বিচার শেষে আসামি বাদল ওরফে বাবুকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে টাঙ্গাইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রওশন আরা সিদ্দিকী লুসি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








