লাশ উদ্ধার
নারী বাবুর্চি রাবেয়া বেগমের লাশ । নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর জলসিঁড়ি আবাসন কোম্পানির ১২ নম্বর সেক্টরের লেকের পাড়ের ঝোপ থেকে রাবেয়া বেগম (৪৫) নামে এক নারী বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে। 

Advertisement

সোমবার (৫ অক্টোবর) রাতে এ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রাবেয়া ভোলার সদর থানাধীন চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি পরিবার নিয়ে রূপগঞ্জের নাওড়া এলাকায় রানার বাসায় ভাড়া থাকতেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্প ইনচার্জ হারুনুর রশিদ জানান, নিহত রাবেয়া বেগম জলসিঁড়ি আবাসন কোম্পানির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে রান্নাবান্নার কাজ করতেন। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কাজ শেষ করে সেখান থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সোমবার রাতে কোম্পানির ১২ নম্বর সেক্টরে অবস্থিত লেকের পাড়ের ঝোপে বিবস্ত্র অবস্থায় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

এদিকে জলসিঁড়ি আবাসন কোম্পানিতে নিয়োজিত কর্মকর্তাদের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো সময় ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ঝোপের ভেতরে ফেলে রেখে গেছে। 

পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে ওই নারীকে কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যাবে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।