পণ্য জব্দ, এনবিআর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
জব্দ করা পণ্য। ইন্টারনেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশী সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

Advertisement

আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়। মহাপরিচালকের কাছ থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (সি-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। পরে শারজাহ থেকে ঢাকাগামী জি৯-৫৭১ ফ্লাইটে আগত যাত্রীদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়।

তল্লাশিকালে মোহাম্মদ শাহিনের ব্যাগেজ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ; কে এম ফজল হকের ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং বেলায়েত ভূঁইয়া হোসেনের ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, তিন যাত্রীর কাছ থেকে উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র : বাসস