
যৌথভাবে মাছের ব্যবসার প্রলোভন দেখিয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছ আত্মসাতের অভিযোগে ছিয়াম হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা।
সোমবার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মামলার বাদী তরিকুল হক খান ওরফে রবিন সৌদি আরবপ্রবাসী। সেখানে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছিয়াম হোসেনের সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে ছিয়াম নিজেকে মাছ ব্যবসায়ী পরিচয় দিয়ে যৌথভাবে মাছের ব্যবসার প্রস্তাব দেন। রোববার (২০ সেপ্টেম্বর) তরিকুল দেশে ফিরলে ছিয়াম সরাসরি দেখা করে একই প্রস্তাব দেন। এতে রাজি হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) তারা বাগেরহাটের একটি মাছের আড়ত থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ কার্টন চিংড়ি মাছ কেনেন। মাছগুলো একটি বাসে ঢাকায় পাঠিয়ে তারা অন্য একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হন। পরদিন শুক্রবার রাত ৯টার দিকে বাসটি ধোলাইপাড় এলাকায় পৌঁছালে ছিয়াম কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যান এবং মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে সায়েদাবাদ বাস কাউন্টারে গিয়ে তরিকুল জানতে পারেন, অজ্ঞাত এক ব্যক্তি মাছের কার্টনগুলো ট্রাকে করে নিয়ে গেছে। শনিবার (৩ অক্টোবর) সকালে তরিকুল জানতে পারেন, গাজীপুরের চান্দনা এলাকায় স্থানীয়রা ছিয়ামকে আটক করে রেখেছেন। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ১২ কার্টন মাছ বিক্রির ২ লাখ ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে ছিয়ামের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহের নান্দাইল থেকে আরো ২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরো জানা গেছে, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। গ্রেফতার ছিয়াম হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








