নিউ গিনি প্রপার্টিজ, হামলা, গ্রেফতার
প্রতীকী ছবি। নয়া দিগন্ত

রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় বিকাশ চন্দ্র সরকার নামে আরো একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

Advertisement

রোববার (৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে তাকে মাগুরা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

বিকাশকে গ্রেফতারের মধ্য দিয়ে নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল আট জনে। এর আগে গ্রেফতার করা সাতজন হলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, শাহরিয়ার মাহমুদ, শাহ আলম অনিক, মামুন, আসলাম ও মুন্না।

গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে কয়েক শ’ মানুষ হামলা চালায়। এ সময় আবাসন প্রকল্পের কার্যালয় ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি গুলির ঘটনা ঘটে। প্রকল্পের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়।