গ্রেফতার
গ্রেফতার মো: আব্দুল কুদ্দুস (৫৬) ও মো: শাহান বিশ্বাস (৪২)। নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ককটেল বিস্ফোরণ, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় অভিযুক্ত আওয়ামী যুবলীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আলমডাঙ্গা থানা-পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন — ১৫ নম্বর আইলহাঁস ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আব্দুল কুদ্দুস (৫৬) এবং ১ নম্বর ভাংবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: শাহান বিশ্বাস (৪২)। আব্দুল কুদ্দুস ঘোলদাড়ী পাইকপাড়া গ্রামের মরহুম আবছার মালিথার ছেলে এবং শাহান বিশ্বাস নগর বোয়ালিয়া গ্রামের মরহুম জাহিদ বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়। মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪/৬ ধারা যুক্ত রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, আসামিরা বেআইনিভাবে দাঙ্গা সৃষ্টি, মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর জখম, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি সাধন, হুমকি প্রদান এবং বিস্ফোরক ককটেল হেফাজতে রেখে বিস্ফোরণ ঘটানোর মতো অপরাধের সাথে জড়িত।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি:) নিয়ামুল জানান, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।