
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশুকে রাজধানীর সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর গতকাল শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার করা দুই শিশু হলো মো: রিয়ান (১১) ও মো: রনি (১৩)। তাদের মধ্যে রিয়ানের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে প্রতিবেশী দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগে মো: আশাদুজ্জামান নুর রাছেল বলেন, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রামশহর পূর্বপাড়ায় নিজ বাসা থেকে রিয়ান ও রনি স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
অভিযোগে আরো বলা হয়, শত্রুতার জেরে দুই প্রতিবেশী শিশু দুইটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছে বলে পরিবারের ধারণা। এ বিষয়ে আশপাশের লোকজন জানেন, দেখেছেন ও শুনেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট পলাশ কুমার রায়ের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁও ক্রসিংয়ের দক্ষিণ পাশে পুলিশ বক্সের পেছনের রাস্তায় দুই শিশুকে কান্নারত ও ভীত অবস্থায় দেখতে পান তিনি। পরে তাদের কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে তারা বাবার সাথে কথা বলতে চায় এবং কান্নাকাটি করতে থাকে। এ সময় তারা জানায়, অজ্ঞাত ব্যক্তিরা তাদের চোখ বেঁধে ধরে নিয়ে একটি গোডাউনে আটকে রাখে। পরে তারা সেখান থেকে কৌশলে পালিয়ে আসে।
শিশু দুইটির দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে জানা যায়, তাদের বাড়ি বগুড়া জেলায়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ঢাকায় অবস্থানরত এক শিশুর মামার সাথে যোগাযোগ করা হয়। এরপর শিশু দুইটিকে কলাবাগান থানায় বুঝিয়ে দেয়া হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








