স্বর্ণের বার উদ্ধার, বিমানকর্মী ও যাত্রী আটক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা কাস্টমস হাউস, কাস্টমস আইন-২০২৩, স্বর্ণ চোরাচালান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ ওবায়দুর রহমান নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।

Advertisement

শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ দশমিক ০৫ কেজি। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওবায়দুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রীর পরিচয় বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে কার্যক্রম চলমান রয়েছে।