
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্যসহ মোট ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির বিভাগভিত্তিক হিসাবে, মিরপুর বিভাগে ১১৮ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪১ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, গুলশান বিভাগে ৩৬ জন, গোয়েন্দা বিভাগে পাঁচজন এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে দুইটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুইটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেফতার ও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








