
রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার খোলা জায়গা থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর কোনো এক সময় ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দোতলার উন্মুক্ত স্থান থেকে আনুমানিক ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি চুরি হয়। ওইদিন ভোর ৪টা ৩৫ মিনিটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পরে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে একাধিক টিমের সমন্বয়ে অভিযান শুরু করা হয়।
তিনি আরো বলেন, পুলিশের অভিযানের মুখে চোর বা চোরেরা চুরি করা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত উদ্ধার করা হয়। চুরির আগে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সোর্সের মাধ্যমে চুরির সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হালিম বলেন, ‘উদ্ধার করা পিতলের ঘণ্টাটি থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








