গ্রেফতার
গ্রেফতার রাসেল রানা (৩৮)। নয়া দিগন্ত

গাজীপুরের জয়দেবপুরে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও একটি ব্ল্যাংক কার্টুজসহ রাসেল রানা (৩৮) নামে চিহ্নিত এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)।

Advertisement

এসআরবি জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও নানা অপকর্ম চালিয়ে আসছিলেন রাসেল রানা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দেয়া হতো। 

এ তথ্যের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় জয়দেবপুর থানার ভাওয়াল গড় ইউনিয়নের জানাকুর গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে তার নিজ শয়নকক্ষ থেকে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও একটি ব্ল্যাংক কার্টুজ উদ্ধার করা হয়। এসআরবি-১, সিপিএসসি (গাজীপুর) ও সিপিসি-১ (উত্তরা, ঢাকা)-এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ রাসেল রানা কোথা থেকে সংগ্রহ করেছেন এবং এর সাথে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।

এসআরবি-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া) শাহ আলম জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে এ ধরনের আইনগত অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।