
শাহজালাল বিমানবন্দর থেকে ৮১ দশমিক ৫০ লিটার বিদেশী মদ জব্দ করেছে সিআইআইডি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮১ দশমিক ৫০ লিটার বিদেশী মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি), যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এ-শিফটের কর্মকর্তারা অবস্থান নেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে০৫৮৪ ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভকে থামানো হয়।
পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার মদ উদ্ধার করা হয়। তিনি বিদেশী পাসপোর্টধারী হওয়ায় ব্যাগেজ বিধিমালা অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্ত সুবিধায় আমদানির অনুমতি দেয়া হয় এবং বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে আরেক ঘটনায় টার্কিশ এয়ারলাইনসের টিকে০৭১২ ফ্লাইটের যাত্রী সামিউল ইসলামকে গ্রিন চ্যানেল এলাকায় থামানো হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের চার লিটার মদ উদ্ধার করে সিআইআইডি।
গোয়েন্দা তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং, গ্রিন চ্যানেলসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়িয়ে চোরাচালান প্রতিরোধ ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








