
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, রাত ১২টা ৫ মিনিটে ও ভোর ৬টা ৫ মিনিটে আদাবর থানা এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন আবুল কালাম আজাদ (৬৫), মো. রাসেল (২০), মো. আতিকুল (২৫), মো. রাসেল পিয়াদা (২২) ও লিয়ন (২১)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
আদাবর থানা পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে খুরশিদ আলম খানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ব্যক্তি শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের ৪১ ও ৪২ নম্বর প্লটে নির্মিত একটি ভবনে হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। হামলাকারীরা প্রধান ফটকে চাপাতি দিয়ে কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে। এ ঘটনায় আদাবর থানায় মামলা করা হয়। মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।








