
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ১৫২ জন, গুলশান বিভাগে ৪৯ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছেন।
ডিএমপির অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ইস্কাফ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।
এছাড়া একটি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, দুইটি ডিবির জ্যাকেট, একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন, দুইটি গুলির খোসা, একটি ফয়েল পেপার ও ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







