
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আলামত হিসেবে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগে থাকা বাসের টিকিট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে গত ৩০ আগস্ট মোশাররফ হোসেন পনি ওরফে পনি গাজী ও তার সহযোগী সেড্রিক নামে দুইজনকে গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে ‘ইয়ামাহা আর-১৫’ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব।
সংস্থাটির দাবি, মোটরসাইকেলটি ছিনতাইয়ে ব্যবহার করা হয়েছিল।
র্যাবের ব্রিফিং শেষে গ্রেফতার মূল সন্দেহভাজনসহ দুইজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় মোশাররফ হোসেন চিৎকার করে ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করেন। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের কোনো মিল নেই বলেও তিনি দাবি করেন।
ছিনতাইয়ের ঘটনায় ছড়িয়ে পড়া দুইটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে নীল রঙের একটি মোটরসাইকেল দেখা যায়। এ কারণে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া মোটরসাইকেলের রং নিয়ে সন্দেহ তৈরি হয়।







