
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে বিভিন্ন থানায় ৪৯টি মামলা হয়েছে।
বুধবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৮৬ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রামদা, দুইটি তরবারি ও একটি ছোরা উদ্ধার করা হয়।
এছাড়া ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
অভিযানে চারটি মোবাইল ফোন, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







