বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ টেস্ট, তাসকিন আহমে, হাসান মাহমুদ, লিটন দাস, উইকেটকিপার, রেকর্ড, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাজমুল হোসান শান্ত, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা, সেঞ্চুরি, বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতা, ইনিংস হারের শঙ্কা, মেহেদী হাসান মিরাজ
ক্রিজে লিটন দাস ও মুশফিকুর রহিম। সংগৃহীত

জোহানেসবার্গে তৃতীয় দিন শেষেও কিছুটা স্বস্তিতে ছিল বাংলাদেশ। সুযোগ ছিল লিড নেয়ারও। কিন্তু চতুর্থ দিন সেই স্বস্তি উবে গেছে, দিনভর হতাশাজনক পারফরম্যান্সে উল্টো বড় লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

সেই লিড ভাঙতে গিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতেই এখন লড়তে হচ্ছে সফরকারীদের। অবস্থা আরো বেগতিক হতে পারতো, যদি না আলোকস্বল্পতায় দিনের খেলা আগেভাগে শেষ না হতো। 

ওয়ান্ডারার্সে বুধবার দিনের খেলা শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪.২ ওভারে। এই সময়ে ১০০ রান তুলতেই ৫ উইকেট হারায় দল। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থাকায় ইনিংস পরাজয় এড়াতে এখনো প্রয়োজন ৫৭ রান। 

দিনের শুরুতে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের জন্য সুযোগ ছিল দ্রুত বাকি তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের লিড সীমিত রাখার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বোলার ও ফিল্ডাররা।

রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার ব্যাটে ভর করে বাকি তিন উইকেটে ১৭১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৫৫৭ রানে অলআউট হয়ে ১৫৭ রানের লিড পায় তারা। রায়ান রিকেলটন ১০২ ও কাগিসো রাবাদা করেন ৭২ রান।

রাবাদাকে স্টাম্পিং করে ইতিহাস গড়েছেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার ইনিংসে মোট আটটি ডিসমিসাল করেছেন তিনি—ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং। দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এটি।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। মিরাজের শিকার দুটি।

বড় লিডের চাপে দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই নড়বড়ে বাংলাদেশ। তানজিদ হাসান ৪ রান করে ফিরেছেন। মুমিনুল হক করেছেন মাত্র ১ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ১১ রান। ৪৩ রানে ৩ উইকেট হারায় দল।

এরপর ৩২ রান করে মাহফিজুল ইসলাম কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়ও থামেন ২৩ রানে। ৮৭ রানেই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

শেষ দিকে আর কোনো বিপদ হতে দেননি মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজন অপরাজিত থেকে দিন শেষ করেছেন যথাক্রমে ৫ ও ১২ রানে। তবে বৃহস্পতিবার শেষ দিনে এই জুটি কতটা লড়াই করতে পারে, সেটিই এখন বাংলাদেশের বড় প্রশ্ন।

কঠিন এই পরিস্থিতিতেও ম্যাচ বাঁচানোর বিশ্বাস হারাননি হাসান মাহমুদ। তার আশা, আজ (বৃহস্পতিবার) শেষ দিনে কয়েকটি ভালো জুটি গড়তে পারলে লড়াইয়ে টিকে থাকা সম্ভব। শেষ দিনের পরিকল্পনা নিয়ে হাসান বলেন—

‘আমরা যখন আবার ব্যাটিংয়ে নামি, দ্রুত উইকেট পড়ে যায়। এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া উপায় নেই। কালকে যদি আমরা দুই-তিনটা জুটি বা ভালো একটা দিন শেষ করতে পারি... ব্যাটসম্যানরা অবশ্যই তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যে, যতক্ষণ ধরে রাখতে পারি আরকি।’

প্রথম ইনিংসে শুরুটা এর চেয়েও কঠিন ছিল বাংলাদেশের। ২২ রানে ৩ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট পড়ে ১২১ রানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ ৫ উইকেটে আরও ২৭৮ রান যোগ করে ৪০০ রান করে বাংলাদেশ। 

যদিও এবার ৫ উইকেট হারিয়েছে তিন অঙ্কে যাওয়ার আগেই, তবুও সেই লড়াই থেকেই শেষ দিনে অনুপ্রেরণা নিতে চান হাসান। বলেন, ‘ব্যক্তিগতভাবে বলব, আমি মন থেকে বিশ্বাস করি, (ম্যাচ বাঁচাতে) পারবো।’

‘প্রথম ইনিংসে ২০-৩০ রানের মাঝে তিন উইকেট পড়ে গেছিল, ওই অবস্থা থেকে আমরা ৪০০ করেছি। তো আমার এখনো বিশ্বাস হয় যে, আমরা যদি জুটি করতে পারি, ভালো একটা জুটি হয়, তাহলে সামাল দিতে পারবো।’

চতুর্থ দিন জোহানেসবার্গের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। পেসারদের জন্য সহায়ক পরিস্থিতি কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার বোলাররা শুরু থেকেই সিম মুভমেন্ট পেয়েছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদেরও শুরু থেকেই সংগ্রাম করতে হয়েছে। 

শেষ দিনে আবহাওয়া ও উইকেটের আচরণ গুরুত্বপূর্ণ হলেও হাসানের বিশ্বাস, জুটি গড়তে পারলে ম্যাচ বাঁচানো সম্ভব। এখন দেখার বিষয় হাসানের বিশ্বাস কেবলই কি আশ্বাস, নাকি সত্যিই শেষ চেষ্টা করবে দল?