অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন দাস
অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন দাস। সংগৃহীত

ব্যাট হাতে সেঞ্চুরির পর এবার উইকেটের পেছনে বিশ্ব রেকর্ড। জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত এক ম্যাচ কাটছে লিটন দাসের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১০১ রানের ইনিংস খেলার পর উইকেটকিপিংয়েও ইতিহাস গড়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

Advertisement

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসালের রেকর্ড এখন লিটনের। ম্যাচের চতুর্থ দিনে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে নিজের সপ্তম ডিসমিসাল পূর্ণ করেন তিনি। পরে কাগিসো রাবাদাকেও স্টাম্পিং করে আটে পৌঁছে যান লিটন।

এর আগে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল। পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা—পাঁচজনের সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেলেন লিটন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে শুরু থেকেই উইকেটের পেছনে দারুণ দক্ষতা দেখিয়েছেন লিটন। দ্বিতীয় দিনে প্রোটিয়াদের প্রথম চার উইকেটের তিনটি ক্যাচ নেন তিনি। তৃতীয় দিনে বৃষ্টিবিঘ্নিত খেলার মধ্যে দক্ষিণ আফ্রিকার যে তিনটি উইকেট পড়েছে, সব কটিতেই ক্যাচ নিয়েছেন লিটন। চতুর্থ দিনে দুটি স্টাম্পিং করে গড়েছেন বিশ্ব রেকর্ড।

এর আগে ব্যাট হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে ১০১ রান করেন তিনি। তাওহীদ হৃদয়ের সাথে গড়েন ২০৬ রানের জুটি। এবার উইকেটের পেছনে বিশ্ব রেকর্ড গড়ে জোহানেসবার্গ টেস্টকে নিজের জন্য স্মরণীয় করে রাখলেন এই উইকেটরক্ষক।

উল্লেখ্য, লিটনের অনন্য কীর্তির পরও দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে গেছে অনেক দূর।  ১১৮ ওভারে ৯ উইকেটে ৫২৬ রান তুলেছে স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের সংগ্রহ পেরিয়ে ১২৬ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।