
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। ২০২৭ মৌসুমের আগে নতুন দায়িত্বে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টর হিসেবে কাজ করবেন তিনি।
মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার তালিকা জমা দেয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে এ ঘোষণা আসে।
চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে বলেন, ‘এমএস ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে সাফল্য, ব্যর্থতা এবং এর মধ্যবর্তী সবকিছুতে আমরা একসাথে পথ চলেছি ও বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে, আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের দীর্ঘ পথচলাকে সম্ভব করেছে ‘
তিনি বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়েছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতে হবে। শেষ পর্যন্ত সেটিই আমার নেয়া সেরা সিদ্ধান্তে পরিণত হয়েছে। ফ্র্যাঞ্চাইজির হয়ে তার সব অর্জনের জন্য নয়, বরং মানুষ হিসেবে সে যেমন, সে কারণেই। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। এই জায়গা সব সময়ই তার ঘর হয়ে থাকবে।’
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই সিএসকেতে যোগ দেন ধোনি। দলটির সাথে ১৭ মৌসুমের সম্পর্কের মধ্যে তার নেতৃত্বে পাঁচটি আইপিএল শিরোপা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জেতে চেন্নাই।
তবে দুই বছরের জন্য আইপিএল থেকে সিএসকে নিষিদ্ধ থাকায় ২০১৬ ও ২০১৭ মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন তিনি।
৪৫ বছর বয়সী ধোনি আইপিএল ক্যারিয়ার শেষ করেছেন ৩৮.৩০ গড়ে ৫ হাজার ৪৩৯ রান নিয়ে। তার স্ট্রাইক রেট ১৩৭.৪৫।
চেন্নাই সুপার কিংসের মালিক রূপা গুরুনাথও সাবেক অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির শুরু থেকেই ধোনির অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এমএস ধোনির মতো খেলোয়াড় জীবনে একবারই আসে। সিএসকের শুরু থেকেই তিনি আমাদের সাথে রয়েছেন এবং এই দলের সবকিছুর ভিত্তি গড়ে দিয়েছেন, এ জন্য আমরা সৌভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ। এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের একজন কিংবদন্তির চেয়েও অনেক বেশি কিছু। মাঠে ও মাঠের বাইরে তিনি আমাদের যা দিয়েছেন, তা পরিমাপ করা সম্ভব নয়। তার নেতৃত্ব, বিনয়, অঙ্গীকার এবং লাখো সমর্থকের সাথে তার সংযোগ সত্যিই অসাধারণ। বছরের পর বছর ধরে তিনি একটি উত্তরাধিকার গড়ে তুলেছেন এবং আমাদের এমন অনেক স্মৃতি উপহার দিয়েছেন, যা আজীবন লালন করব ‘
ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে সিএসকে। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হয়ে উঠেছেন তিনি। এ ছাড়া তার নেতৃত্বে দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও জিতেছে চেন্নাই, যা প্রতিযোগিতাটিতে কোনো অধিনায়কের সর্বোচ্চ সাফল্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








