
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ছয়টি ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড স্পর্শ করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। রেকর্ডটি গড়তে তার প্রয়োজন আর মাত্র একটি ক্যাচ।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন উইকেটের পেছনেও দারুণ নৈপুণ্য দেখিয়ে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ ধরার নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।
এর আগে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ ধরার রেকর্ডটি ছিল যৌথভাবে মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের দখলে।
২০১৩ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে নিয়মিত উইকেটকিপার হিসেবে পাঁচটি ক্যাচ ধরেছিলেন মুশফিক।
আর ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বদলি উইকেটকিপার হিসেবে একই কীর্তি গড়েছিলেন ইমরুল।
একই টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি অন্তত ছয়টি ক্যাচ ধরার কীর্তিও গড়েছেন লিটন। এর মধ্য দিয়ে তিনি উইকেটকিপার-ব্যাটারদের একটি অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন।
ক্রিকেট ইতিহাসে লিটনই তৃতীয় খেলোয়াড়, যিনি একই টেস্টে সেঞ্চুরি ও অন্তত ছয়টি ক্যাচ ধরার কীর্তি গড়লেন। তার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি উইকেটকিপার ডেনিস লিন্ডসে ও এবি ডি ভিলিয়ার্স।
১৯৬৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮২ রান করার পাশাপাশি ছয়টি ক্যাচ ধরেছিলেন লিন্ডসে।
একই ভেন্যুতে ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১০৩ রান করার পাশাপাশি ছয়টি ক্যাচ নিয়েছিলেন ডি ভিলিয়ার্স।
টেস্টের এক ইনিংসে নিয়মিত উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ সাতটি ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড রয়েছে। এই কীর্তি রয়েছে পাঁচজনের দখলে- পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের রবার্ট টেইলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভার।
ইতোমধ্যে ছয়টি ক্যাচ নেয়া লিটনের সামনে এখন রেকর্ডধারীদের পাশে নাম লেখানোর এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের অবস্থান আরো উঁচুতে নেয়ার সুযোগ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








