তাসকিন আহমেদ
দারুণ বল করছেন তাসকিন আহমেদ। ক্রিকইনফো

ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই দক্ষিণ আফ্রিকার হাতে চলে গিয়েছিল। মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজার ২০২ রানের জুটির পর টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনের ব্যাটেও বড় লিডের পথে এগোচ্ছিল স্বাগতিকেরা।

Advertisement

তবে প্রথম সেশনের শেষভাগে হঠাৎই বদলে গেল দৃশ্যপট। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের আঘাতে দ্রুত তিনটি উইকেট হারিয়ে নতুন করে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান করেছিল। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ৪ উইকেটে ২৮৭ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। ১১৩ রানে পিছিয়ে থেকে আজ মঙ্গলবার তৃতীয় দিন শুরু করে তারা।

তবে নতুন দিনে সকালে উইকেটের দেখা পাচ্ছিলেন না বাংলাদেশের বোলাররা। বাভুমা ও রিকেলটনের জুটি ক্রমেই বড় হচ্ছিল। এর মাঝে ৩২৯ রানে রিকেলটনের একটি সহজ ক্যাচ ছাড়েন অভিষিক্ত মাহফিজুল ইসলাম।

তবে ৩৫৮ রানে ভাঙে জুটি। তবে উইকেট পড়েনি, পায়ের মাংসপেশির চোটে মাঠ ছাড়েন অধিনায়ক বাভুমা। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ১০৫ বলে করেন ৪৯ রান। 

বহুল আকাঙ্খিত উইকেট আসে ৩৬১ রানে। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১০৬ বলে ৫৪ রান করে ফেরেন উইয়ান মুল্ডার। এরপর তাসকিন ফেরান মার্কো ইয়ানসেনকেও (৮)। ৩৭৩ রানে ষষ্ঠ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। 

নতুন ব্যাটসম্যান সায়মন হারমারও বেশিক্ষণ টিকতে পারেননি। হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ৪ বলে ১ রান করে ফেরেন তিনি। মাত্র ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে হঠাৎই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। যেখানে তাসকিন নিয়েছেন ২টি, হাসান ১টি উইকেট।

সর্বশেষ খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সংগ্রহ ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান। বাংলাদেশের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকেরা। রায়ান রিকেলটন এখনো ১০৪ বলে ৫৬ রানে অপরাজিত আছেন।

এর আগে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান তাওহীদ হৃদয় ও লিটন দাস। হৃদয়ের ১৩৭ ও লিটনের ১২০ রানের ইনিংসে ভর করে ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা নেন ৫ উইকেট।

দিনের শুরুতে যেখানে দক্ষিণ আফ্রিকার বড় লিডের আশঙ্কা ছিল, সেখানে কিছুটা হলেএ বাধ সেধেছে বাংলাদেশ। বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিতে পারলে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার সুযোগও তৈরি হতে পারে নাজমুল হোসেনের দলের সামনে।