লিটন দাস, জোহানেসবার্গ টেস্ট, বাংলাদেশ ক্রিকেট দল, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল, তাওহীদ হৃদয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেট, লিটন দাসের সেঞ্চুরি, বাংলাদেশ টেস্ট ম্যাচ
লিটন দাস। সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করে লড়াইয়ের ভিত গড়েছে বাংলাদেশ। যদিও দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৭ রান। স্বাগতিকদের চেয়ে এখনো ১১৩ রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

Advertisement

এখনো লিড ধরে রাখলেও চাপে আছে বাংলাদেশ। এখনো ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি টাইগাররা। নিয়ন্ত্রণ নিতে হলে আজ (মঙ্গলবার) তৃতীয় দিনের সকালে দ্রুত উইকেট তুলে নেয়া জরুরি বলে মনে করেন লিটন দাস।

সোমবার (১৬ নভেম্বর) দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের লক্ষ্য নিয়ে লিটন বলেন, ‘আমার মনে হয় না বোর্ডে আমাদের খুব বেশি রান আছে। ১০০-১২০ রানের লিড আছে ঠিকই, তবে কাল সকালে শুরুতেই যদি আমরা দুই-তিনটি উইকেট নিতে পারি, তাহলে ম্যাচের চিত্রটা বদলে যেতে পারে।’

দ্রুত উইকেট না পেলে বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে যাবে বলেও মনে করেন এই ব্যাটসম্যান। সে ক্ষেত্রে প্রতিপক্ষকে দ্রুত রান তুলতে না দিয়ে যতটা সম্ভব খেলাটা দীর্ঘায়িত করতে চান তারা।

লিটনের ভাষায়, ‘সেটা না হলে আমাদের জন্য কাজটা একটু কঠিন হবে। সে ক্ষেত্রে যতটা সম্ভব খেলাটা লম্বা করতে হবে, দ্রুত রান দিয়ে ফেলা যাবে না। আমাদের মূল লক্ষ্য থাকবে, প্রতিপক্ষকে যতটা সম্ভব চাপে রাখা এবং রান দেয়ার ক্ষেত্রে ধৈর্য ধরে বোলিং করা।’

নিজের ব্যাটিং নিয়েও কথা বলেছেন লিটন। দলের কঠিন সময়ে দায়িত্ব নিয়ে ১২০ রানের ইনিংস খেলতে পেরে সন্তুষ্ট তিনি। তাওহীদ হৃদয়ের সাথে তার ২০৬ রানের জুটিই মূলত পথ দেখায় দলকে। ১২১ রানে ৫ উইকেট হারালেও তাদের ব্যাটে শেষ পর্যন্ত ৪০০ রানের সংগ্রহ পেয়েছে দল।

লিটন বলেন, ‘দল যখন চাপে থাকে, তখন একজন সিনিয়র খেলোয়াড়ের দায়িত্বই হলো নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সেই পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করা। আমি সেটি করতে পেরেছি বলে খুবই খুশি। ভবিষ্যতেও বাংলাদেশ যখনই এমন বিপদে পড়বে, আমি চাই বারবার দায়িত্ব নিয়ে দলকে সেই পরিস্থিতি থেকে সামলে উঠতে সাহায্য করতে।’

এদিকে সেঞ্চুরির পর মেয়ের জন্মদিনে বিশেষ উদ্‌যাপনও করেছেন লিটন। পকেট থেকে বের করা ছোট্ট কাগজে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এই পরিকল্পনা কিভাবে মাথায় এল, সেটিও জানিয়েছেন বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান।

লিটন বলেন, ‘আজকে তার জন্মদিন ছিল। আমি ভাবছিলাম, কিভাবে তাকে একটা সারপ্রাইজ দেয়া যায়। তবে বিষয়টা সকালে আমার মাথায় আসে। তখন মনে হলো, এ রকম কিছু করা যায় কি না। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। তা না হলে হয়তো উপহারটা পকেটেই থেকে যেত। সো, আই অ্যাম হ্যাপি।’

উইকেট এখন কেমন প্রশ্নে লিটন বলেন, ‘গত রোববার যখন ব্যাট করেছি, এর চেয়ে আজ একটু ভিন্নতা ছিল। খুব ফ্ল্যাট উইকেট মনে হয়েছে। আমি আরে ১০-১৫ রান করলে আরো ৬০-৭০ রান করা যেত, ৪৬০ রানের মতো হতো। উইকেট অনেকটা ফ্ল্যাট। তবে ভালো জায়গায় বল করলে ভালো করা সম্ভব বোলারদের।’

ব্যাট হাতে নিজের দায়িত্বটা ভালোভাবেই পালন করেছেন লিটন। এবার বোলারদের কাছ থেকে তেমন পারফরম্যান্সই প্রত্যাশা তার। সকালের সেশনে দ্রুত উইকেট তুলে নিতে পারলে ম্যাচে বাংলাদেশের অবস্থান আরো শক্ত হবে।