স্যান্ডপেপার কাণ্ড, অস্টেলিয়া, দক্ষিণ আফ্রিকা, উসমান খাজা
২০২৪ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট করতে নামার আগে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজাকে আলিঙ্গন করতে দেখা যায়। ইন্টারনেট

স্যান্ডপেপার কাণ্ড নিয়ে কী বলবেন, তা ডেভিড ওয়ার্নারকে মাত্র দুই মাস আগে জানিয়েছেন উসমান খাজা। তবে এর আগে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কী ঘটেছিল, তা প্রকাশ করার বিষয়ে ২০২০ সালেই ওয়ার্নারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার বিষয়টি প্রকাশের উদ্যোগে বিস্মিত হয়েছিলেন বলে জানিয়েছেন খাজা।

Advertisement

সোমবার প্রকাশিত এক পডকাস্টে এ কথা বলেছেনন তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের গত শুক্রবারের সংবাদ সম্মেলনের আগেই পডকাস্টটি রেকর্ড করা হয়েছিল। ওই সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি সবাই জানত, এমন দাবি ‘১০০ শতাংশ ভুল’। পডকাস্টে খাজা স্বীকার করেছেন, বর্তমানে খেলছেন এমন কয়েকজনের জন্য তার প্রকাশিত তথ্যের কিছু ‘মূল্য’ দিতে হতে পারে।

খাজার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ওয়ার্নার। সাবেক পেসার চ্যাড সেয়ার্সও রোববার একই অবস্থান জানান। তার মতে, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে সবাই জানতেন।

২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। ওই তদন্তে তাকে, স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তি দেয়া হয়েছিল এবং সিদ্ধান্তে বলা হয়েছিল, পরিকল্পনা সম্পর্কে শুধু এই তিনজনই জানতেন।

খাজার বইয়ে কেপটাউন টেস্টের আগে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের এমন কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যা আগে জানা যায়নি। সেয়ার্সও এসইএনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, দ্বিতীয় দিনের এক সেশনে তিনি মাঠ থেকে স্যান্ডপেপার সরিয়ে নিয়েছিলেন। ওই সেশনে রিভার্স সুইংয়ের সহায়তায় দক্ষিণ আফ্রিকা ২৮ রানে চার উইকেট হারিয়েছিল।

‘উই ইউজড টু বি’ পডকাস্টে খাজা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ওকে (ওয়ার্নার) প্রতিশ্রুতি দিয়েছিলাম। কারণ, আট বছর ধরে তাকে এ বিষয়টির বোঝা বয়ে বেড়াতে হয়েছে। আমার বইয়ে কী আছে, তা দুই মাস আগে পর্যন্ত ডেভিড ওয়ার্নারকে জানাইনি। অপেক্ষা করেছি, অপেক্ষা করেই গেছি। একদিকে, চাইনি বিষয়টি ফাঁস হয়ে যাক, ক্রিকেটে কোনো কিছুই গোপন থাকে না।’

‘তাছাড়া খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছিল। তারা সেখানে থাকা অবস্থায় বিষয়টি প্রকাশ করতে চাইনি। তাই বারবার পিছিয়ে দিয়েছি। এরপর মনে হলো, না, আমার বই প্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এখন ওকে জানানো দরকার।’

শৈশব থেকেই একে অপরের বন্ধু ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ২০২৪ সালের ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে ব্যাট করতে নামার আগে দু’জনকে আলিঙ্গন করতে দেখা যায়।

এ বিষয়ে খাজা বলেন, ‘২০২০ সালে আমি তাকে একটি বার্তা পাঠিয়েছিলাম। এরপর ২০২৬ সাল পর্যন্ত এমন একটা সময় গেছে, যখন আমরা বিষয়টি নিয়ে আলোচনাই করিনি। খুব কমই কথা হয়েছে। ২০২০ সালে তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি রেখেছি। দুই মাস আগে তাকে বার্তা পাঠানোর সময়ও সে জানত না যে আমি বই লিখছি। বিষয়টি শুনে সে খুব অবাক হয়েছিল। এরপর থেকেই আমাদের কথা শুরু হয় এবং আমরা আলোচনা চালিয়ে যাই।’

নিজের প্রকাশিত তথ্যের প্রতিক্রিয়া নিয়ে খাজা বলেন, ‘আমার মনে হয়েছে, ওই তিনজনের সাথে অন্যায় আচরণ করা হয়েছিল। তাই আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। তবে এখনো দলে খেলছেন এমন আরো কয়েকজনের জন্য হয়তো এর কিছু মূল্য দিতে হতে পারে। বিষয়টি সামলে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে আপনি যা-ই করুন, তার একটা মূল্য থাকেই। গত তিন দিনে আমার পরিবারকেও এর মূল্য দিতে হয়েছে।’

‘তবে আমি নিজেকে এখানে ভুক্তভোগী হিসেবে তুলে ধরছি না। কারণ, কী পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছি, তা আমি জানতাম। কী আসতে পারে, সেটাও বুঝেছিলাম। শুধু ভাবিনি, বিষয়টি এতটা ব্যক্তিগত পর্যায়ে চলে যাবে।’

দক্ষিণ আফ্রিকার ঘটনার দায় পুরো দলের সম্মিলিতভাবে নেয়া উচিত ছিল, নিজের সেই অবস্থান আবারো তুলে ধরেছেন খাজা। বইয়ে তিনি লিখেছেন, ড্রেসিংরুমে এক বক্তব্যে পুরো দলকে একসাথে দায় স্বীকার করার আহ্বান জানিয়েছিলেন। তবে নাম প্রকাশ না করা দু’জন খেলোয়াড় তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

গত সপ্তাহের সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, খাজার ওই বক্তব্যের কথা তার মনে নেই। তবে সেয়ার্স জানিয়েছেন, পরবর্তী করণীয় নিয়ে দলের ৬০ থেকে ৯০ মিনিটের একটি বৈঠকের কথা তার মনে আছে। খাজার অবস্থান সমর্থন না করা দুই খেলোয়াড়ের ব্যাপারে তার ‘অস্পষ্ট’ স্মৃতি রয়েছে বলেও জানান সেয়ার্স। তবে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

খাজা বলেন, ‘দীর্ঘদিন ধরে তাদের এই বোঝা বয়ে বেড়াতে হয়েছে। আমার মনে হয় না, তারা কখনো এই বিষয়টির নিষ্পত্তি খুঁজে পেত, যদি না মনে করত যে এই বোঝা ভাগ করে নেয়ার সুযোগ আছে। আমার ব্যক্তিগত মত হলো, দল হিসেবে আমাদের সেটাই করা উচিত ছিল।’

তিনি আরো বলেন, ‘আমি এখানে বলতে আসিনি যে অমুক এটা করেছে বা অন্য কেউ ওটা করেছে, কিংবা কে কী জানত। বিষয়টি ছিল আমরা সব সময় একটি দল। আগেও বলেছি, দল হিসেবে আমরা জিতি, দল হিসেবে হারি। দায়ও নিতে হবে দল হিসেবে। সত্যিকার অর্থে যদি আমরা সেটা করতে পারি, যদি সেই সুযোগ থাকে, তাহলে চিরতরে বিষয়টির ইতি টেনে সামনে এগিয়ে যেতে পারব।’

খাজা বলেন, আমার মনে হয়, আমরা কখনো তা করিনি। এ কারণেই বিষয়টি বারবার ফিরে আসছে। একের পর এক জল্পনা-কল্পনা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।