
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছেন জয় শাহ।
সোমবার (১৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির একটি বোর্ড মিটিংয়ে সংস্থার পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচক নির্বাচিত হন।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ। তার কাছে চেয়ারম্যানের দায়িত্ব পালন একই সাথে সম্মান ও বড় দায়িত্বের বিষয়।
জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে তাতে আমি গভীরভাবে সম্মানিত এবং প্রত্যেক পরিচালকের প্রতি তাদের অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একাধারে একটি বিশেষ সুযোগ ও দায়িত্ব। এবং আমি বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে আমাদের সদস্যদের সাথে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘আমরা আমাদের খেলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে প্রবেশ করছি। ২৮তম অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের খেলাটিকে নতুন দর্শকদের কাছে পরিচিত করানোর এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও ভক্তদের অনুপ্রাণিত করার এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে।’
ক্রিকেট নিয়ে নিজের দূরর্দশী পরিকল্পনা জানিয়ে আইসিসি চেয়ারম্যান বলেন, ‘সফল আয়োজন করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ নয়। ভক্ত, ক্রীড়াবিদ, বাণিজ্যিক অংশীদার ও অন্য গুরুত্বপূর্ণ অংশীজনদের ওপর মনোযোগ দিয়ে আমাদের এই খেলার জন্য একটি শক্তিশালী ও আরো টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
চেয়ারম্যান আরো বলেন, ‘আমি বরাবরই বিশ্বাস করি যে, মানুষকে একত্রিত করার ক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও আমাদের সদস্যদের সমর্থনে, আমাদের লক্ষ্য থাকবে উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেয়া এবং এটা নিশ্চিত করা যে, আমাদের অর্জিত অগ্রগতি যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ঐতিহ্য রেখে যায়।’
সূত্র : আইসিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








