বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, টেস্ট, জোহানেসবার্গ টেস্ট, ওয়ান্ডারার্স স্টেডিয়াম, উইকেট, তাওহীদ হৃদয়, লিটন দাস, সর্বোচ্চ জুটির রেকর্ড, নাজমুল হোসেন শান্ত, কাগিসো রাবাদা, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, তানজিদ হাসান, মুশফিকুর রহিম, সেঞ্চুরি, এলবিডব্লিউ, মার্কো ইয়ানসেন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, ধারাভাষ্যকার, আতহার আলী খান
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি উদযাপন। সংগৃহীত

শুরুতেই নেই তিন উইকেট—বড় বিপর্যয়ের শঙ্কা। সেই ধাক্কা সামলে উঠতেই স্কোর ১২১/৫। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের পুরোনো দুঃসহ স্মৃতি ফিরে আসার যথেষ্ট কারণ ছিল। কিন্তু এবার গল্পটা সেদিকে এগোয়নি।

Advertisement

তাওহীদ হৃদয়ের ধৈর্যশীল ব্যাটিং আর লিটন দাসের সাবলীল ব্যাটিংয়ে বদলে গেছে দিনের চিত্র। দুজনের ২০৬ রানের জুটিতে শুধু বিপর্যয়ই সামাল দেয়নি বাংলাদেশ, গড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিজেদের সর্বোচ্চ জুটির রেকর্ডও।

জোহানেসবার্গে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। হৃদয়ের হৃদয়কাঁড়া ১৩৭ রানের দৃষ্টিনন্দন ইনিংস থামলেও লিটন অপরাজিত ৯২ রানে, দাঁড়িয়ে সেঞ্চুরির দোরগোড়ায়। 

দিনের শেষ বলে হৃদয়ের বিদায় কিছুটা আক্ষেপ তৈরি করলেও দিন শেষে এগিয়ে বাংলাদেশই। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের ব্যর্থতার ইতিহাস বিবেচনায় এই সংগ্রহ সফরকারীদের জন্য বড় স্বস্তির। যেন রাজসিক প্রত্যাবর্তন। 

রোববার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পেস সহায়ক উইকেটে চার পেসারের সম্ভাব্য আক্রমণ মাথায় রেখেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

তবে শুরুতেই সেই সিদ্ধান্তের কঠিন পরীক্ষা নেন কাগিসো রাবাদা। টেস্ট অভিষেক হওয়া মাহফিজুল ইসলাম রবিনকে ইনিংসের প্রথম বলেই গালিতে ক্যাচ বানান তিনি। দেশের প্রথম স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টের প্রথম বলেই আউট হন মাহফিজুল।

পরের ওভারেই রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল হক (০)। এরপর ইনসুইংয়ে শান্তরও (১২) অফ স্টাম্প উপড়ে নেন এই পেসার। ২২ রানে ৩ উইকেট হারিয়ে তখন চাপে বাংলাদেশ। এমতাবস্থায় বড় কোনো ধসের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছিল না।

তবে তা হতে দেননি তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান। দুজনের ইতিবাচক ব্যাটিংয়ে ধীরে ধীরে চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৯৯ রান যোগ করেন তারা। ১০৮ বলে ৬৭ রান করা তানজিদ ফিরিয়ে আবারো আঘাত হানেন রাবাদা।

পরের বলেই প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিকুর রহিম। দলের প্রয়োজনের মুহূর্তে ব্যর্থ হন অভিজ্ঞ এই ব্যাটার। ১২১ রানে ৫ উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।

এবারো পরিস্থিতি সামাল দেন হৃদয়। সঙ্গী হিসেবে পান লিটনকে। দুজনের ব্যাটিংয়ের ধরন ছিল আলাদা, কিন্তু লক্ষ্য ছিল এক—উইকেট না হারিয়ে দলকে সম্মানজনক অবস্থানে নেয়া। তাদের এই সমন্বয়েই ক্রমে নিয়ন্ত্রণ হারায় দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ।

চা বিরতির আগে ৬৩ রান যোগ করেন দুজন। বিরতির পরও সেই ধারাবাহিকতা ধরে রাখেন তারা। হৃদয় তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্টের দ্বিতীয় সেঞ্চুরি। লিটনও ফিফটি পেরিয়ে এগোতে থাকেন শতকের দিকে। 

রাবাদা একাধিকবার হৃদয়ের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেও সফল হননি। রিভিউ নিয়েও লাভ হয়নি স্বাগতিকদের। একপর্যায়ে শর্ট বলের কৌশল নিয়েও জুটি ভাঙতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

দিনের শেষ ভাগে আক্রমণাত্মক ব্যাটিংয়ে হৃদয় আরো দ্রুত রান তুলতে থাকেন। তবে শেষ দিকে নতুন বল হাতে রাবাদা ও মার্কো ইয়ানসেনের বাউন্সারে কয়েকবার অস্বস্তিতে পড়তে হয় তাকে। 

শেষ পর্যন্ত দিনের শেষ বলে ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন হৃদয়। ২২৭ বলে ১৪ চার ও এক ছক্কায় ১৩৭ রান করেন তিনি। হৃদয়ের বিদায়ে ভাঙে লিটনের সাথে তার ২০৬ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ। 

আগের রেকর্ড ছিল ২০২৪ সালে মিরপুরে জাকের আলি ও মেহেদী হাসান মিরাজের সপ্তম উইকেটে ১৩৮ রান। একই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে নিজেদের আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩২৬ রানও পেরিয়ে গেছে বাংলাদেশ। প্রোটিয়াদের মাটিতে আগের সর্বোচ্চ ৩২০ রানও ছাড়িয়েছে সফরকারীরা।

দিনশেষে লিটনের কথাতেও উঠে এসেছে এই জুটিতে হৃদয়ের ভূমিকা। সম্প্রচারমাধ্যমে ধারাভাষ্যকার আতহার আলী খানের সাথে আলাপে লিটন বলেন, ‘হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে। বল ছেড়ে দেয়ার ক্ষেত্রে যেমন ডিসিপ্লিন দেখিয়েছে, তা আমাকেও অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’

নিজের ইনিংসের শুরুতে কয়েকটি বাউন্ডারি পাওয়াও ব্যাটিং সহজ করে দিয়েছে বলে জানান লিটন। তার ভাষায়, ‘ব্যাটিংয়ে যাওয়ার পর শুরুতেই কিছু বাউন্ডারি পাওয়ায় ছন্দ খুঁজে পেতে সুবিধা হয়েছে। তো আমরা আলোচনা করেছি শুধু কতটা লম্বা ব্যাটিং করতে পারি।’

দিন শেষে ৯২ রানে অপরাজিত লিটনের সামনে এখন সেঞ্চুরির হাতছানি। দ্বিতীয় দিনে তার সাথে ব্যাটিংয়ে নামবেন নতুন ব্যাটসম্যান। অন্যদিকে প্রথম দিনেই ৩২৭ রান তুলে বাংলাদেশ শুধু রেকর্ড গড়েনি, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে নিজেদের সামর্থ্যেরও জানান দিয়েছে। 

এখন এই অবস্থানকে বড় সংগ্রহে রূপ দেওয়াই হবে আজ সোমবার দ্বিতীয় দিনের প্রধান লক্ষ্য। তানজিদ তামিমও তেমনটাই জানিয়েছেন। দিনশেষে সংবাদ সম্মেলনে এসে বলেন,

‘এখান থেকে কাল (আজ) সকালের সেশন যতক্ষণ খেলতে পারব, ততই আমাদের জন্য ভালো। যতক্ষণ ব্যাটিং করতে পারব, রান এমনিতেই আসবে। আমার মনে হয়, যত বেশি সময় আমরা ব্যাটিং করব, ততই আমাদের জন্য ভালো।’