স্যান্ডপেপার-কাণ্ড, উসমান খাজা, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার সাবেক পেসার চ্যাড সেয়ার্স। ইন্টারনেট

‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে উসমান খাজার অভিযোগের পক্ষে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার চ্যাড সেয়ার্স। বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না বলে প্যাট কামিন্সের অস্বীকারের সাথে দ্বিমত পোষণ করেছেন তিনি।

Advertisement

দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সাথে ছিলেন সেয়ার্স। তবে কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে খেলেননি তিনি। ওই ম্যাচেই বল সুইং করানোর জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে বলা হয়েছিল, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট ছাড়া আর কেউ বিষয়টি জানতেন না। পরে তিনজনকেই দেশে ফিরিয়ে নেয়া হয় এবং নিষিদ্ধ করা হয়।

তবে গত সপ্তাহে প্রকাশিত নিজের আত্মজীবনীতে খাজা দাবি করেন, পুরো দলই বিষয়টি জানত। ওয়ার্নারও জোরালোভাবে তার এই দাবিকে সমর্থন করেছেন। এবার একই অবস্থান নিলেন সেয়ার্স।

অবসর নেয়া সেয়ার্স এসইএন রেডিওকে বলেন, ‘আমার বিশ্বাস, ওই দলের সবাই জানত কী ঘটছিল এবং কী ব্যবহার করা হচ্ছিল।’ জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টেস্টে খেলেছিলেন তিনি।

খাজা আরো দাবি করেন, পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। সেয়ার্স জানান, মাঠ থেকে সেটি সরিয়ে নেয়ার দায়িত্ব ছিল তার।

তিনি বলেন, ‘স্যান্ডপেপারটি সরিয়ে নেয়ার জন্য আমাকে দেয়া হয়েছিল। তাই এটি আগে থেকে পরিকল্পিত কিছু ছিল না। ওই সময় মাঠে পানীয় নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা খেলোয়াড় ছিলাম আমি।’

তিনি আরো বলেন, ‘দুটি টেস্ট ম্যাচেই এটি ব্যবহার করা হয়েছিল। বল রিভার্স সুইং করানোর জন্য কী করা হবে এবং কী ব্যবহার করা হবে, তা নিয়ে ড্রেসিংরুমে আলোচনা হয়েছিল।’

বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্স শুক্রবার দীর্ঘ সংবাদ সম্মেলন করে খাজার অভিযোগ নাকচ করেন। তিনি দাবিগুলোকে ‘১০০ শতাংশ ভুল’ বলে অভিহিত করেন।

২০২১ সালে এক বিবৃতিতে পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ন্যাথান লায়ন ও কামিন্স প্রকাশ্যে বলেছিলেন, ওই পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের তদন্ত নতুন করে শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

শনিবার ওয়ার্নার নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে ‘তথ্য গোপনের’ অভিযোগ তোলেন। তার দাবি, ‘যতদূর তিনি জানেন’, সে সময় হ্যাজেলউড, স্টার্ক কিংবা লায়নের সাক্ষাৎকার নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে পেসারদের সাক্ষাৎকার নেয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর রোববার ইনস্টাগ্রামে নতুন বিবৃতি দেন ওয়ার্নার।

তিনি লেখেন, “একটি বিষয় পরিষ্কার করতে চাই- ‘যতদূর আমি জানি’ কথাটিই ছিল মূল বিষয়।”

ওয়ার্নার বলেন, ‘পেসারদের সাক্ষাৎকার নেয়া হয়েছিল কিংবা তারা বিবৃতি দিয়েছিলে এমন কিছু আমাকে কখনো জানানো হয়নি। ২০১৮ সালে সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ার সময় এই তথ্যগুলো জানা থাকলে তা বেশ কাজে আসত।’