বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অভিষেক, মাহফিজুল ইসলাম রবিন, ঘরোয়া ক্রিকেট, জোহানেসবার্গ টেস্ট, ওয়ান্ডারার্স স্টেডিয়াম, কাগিসো রাবাদা, স্লিপে ক্যাচ, রেকর্ড, জাহাঙ্গীর আলম, বিকেএসপি, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, প্রথম শ্রেণির ক্রিকেট, ঢাকা মেট্রো, জাতীয় ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ, ব্রাদার্স ইউনিয়ন, এইচপি দল, বাংলাদেশ ইমার্জিং দল, সেঞ্চুরি, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ, সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম
মাহফিজুল ইসলাম রবিন। সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট দিয়ে বাংলাদেশের সাদা পোশাকে অভিষেক হয় মাহফিজুল ইসলাম রবিনের। 

Advertisement

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম দিনটি স্মরণীয় করে রাখতে পারলেন না ২২ বছর বয়সী এই ওপেনার। অভিষেক টেস্টের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। শুরুটা রাঙাতে পারেননি তিনি।

আজ রোববার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম বলেই কাগিসো রাবাদার বলে চতুর্থ স্লিপে ক্যাচ দেন মাহফিজুল। তাতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডেও নাম ওঠে তার। 

বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসের প্রথম বলেই আউট হলেন তিনি। সব মিলিয়ে টেস্ট অভিষেকের প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার মাহফিজুল।

নারায়ণগঞ্জে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের হাত ধরে ক্রিকেটে পথচলা শুরু তার। পরে জায়গা করে নেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। ২০২২ সালে খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। ছয় ম্যাচে একটি ফিফটিতে করেছিলেন ১১৬ রান।

যুব ক্রিকেট পেরিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০২২ সালে। ঢাকা মেট্রোর হয়ে খুলনার বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগে প্রথম মাঠে নামেন তিনি। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন এই ওপেনার।

২০২৪ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১১ ম্যাচে ৫১২ রান করে নিজের সামর্থ্যের জানান দেন মাহফিজুল। চারটি ফিফটির পাশাপাশি করেন একটি সেঞ্চুরি। এরপর কিছুটা ছন্দ হারালেও গত মৌসুমে আবারো ব্যাট হাতে জ্বলে ওঠেন।

জাতীয় ক্রিকেট লিগে সাত ম্যাচের ১২ ইনিংসে একটি সেঞ্চুরিতে করেন ৩৪০ রান। ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ৫৫.৩২ গড়ে ৪৯৮ রান করেন, যার মধ্যে ছিল দুটি সেঞ্চুরি।

এমন পারফরম্যান্সে জায়গা হয় বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ ‘এ’ দলে। গত আগস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও যান তিনি। সেখানে দুটি চার দিনের ম্যাচের চার ইনিংসে করেন একটি ফিফটি।

তবে জাতীয় দলের নির্বাচকদের নজর সবচেয়ে বেশি কেড়েছে চলতি মৌসুমের পারফরম্যান্স। ময়মনসিংহের হয়ে জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ম্যাচের ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান করেছেন মাহফিজুল।

দুটি সেঞ্চুরির সাথে রয়েছে একটি ডাবল সেঞ্চুরিও। টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তাতেই নির্বাচকদের চোখ পড়ে মাহফিজুলের দিকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া সাদমান ইসলামের জায়গায় দলে সুযোগ পান মাহফিজুল। তার অভিষেকের কারণে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে মোহাম্মদ নাঈমকে।

ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে জায়গা করে নেয়া মাহফিজুলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করা। যদিও অভিষেকের প্রথম বলটি তার পক্ষে যায়নি।