
দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের প্রথম টেস্টের শুরুটা মোটেও ভালো হলো না বাংলাদেশের। জোহানেসবার্গ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
কিন্তু শুরুতেই কাগিসো রাবাদার পেস আক্রমণে এলোমেলো হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং। দলীয় ২২ রানেই সাজঘরে ফিরেছেন প্রথম তিন ব্যাটার। ১৫ ওভার শেষে সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩৯ রান।
অভিষেক টেস্ট খেলতে নেমেই দুঃস্বপ্নের মুখে পড়েছেন ওপেনার মাহফিজুল ইসলাম। ইনিংসের প্রথম বলেই রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ২২ বছর বয়সী এই ব্যাটার। তাতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডও গড়েছেন তিনি।
বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের কোনো ইনিংসে প্রথম বলেই আউট হলেন মাহফিজুল। সব মিলিয়ে টেস্ট অভিষেকের প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার তিনি।
এরপর কোনো রান যোগ হওয়ার আগেই রাবাদার বলে উইকেটের পেছনে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। দুই রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপর কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে ১২ রান করে রাবাদার বলেই বোল্ড হন তিনি। তাতে ২২ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাহফিজুলের অভিষেকের ম্যাচে একাদশে ফিরেছেন মুমিনুল হক। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি হচ্ছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








