
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পায়নি দল। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবু এসব নিয়ে ভাবনায় ডুবে থাকতে চান না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে তার বিশ্বাস, সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকাতেও ভালো ফল পাওয়া সম্ভব।
প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামীকাল রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রস্তুতি, কন্ডিশন ও দলের আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছেন শান্ত। তার স্বীকারোক্তি, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য পর্যাপ্ত সময় পায়নি দল।
তবে হাল ছাড়ছেন না বাংলাদেশ অধিনায়ক। পেশাদার ক্রিকেটার হিসেবে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে চান তিনি। শান্ত বলেন, ‘সত্যি বলতে, কন্ডিশন অনুযায়ী নিজেদের প্রস্তুত করার জন্য আমাদের হাতে তেমন সময় নেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সবাইকে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। এটা কঠিন, আমরা জানি। তবে দলের কয়েকজনের এখানে খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয়, তাদের সেই অভিজ্ঞতা দলের জন্য কাজে আসবে।’
প্রস্তুতির ঘাটতি থাকলেও দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট অধিনায়ক। শেষ দুই দিনের অনুশীলনে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভালো প্রস্তুতি হয়েছে বলে মনে করেন তিনি। এখন ম্যাচের শুরু থেকেই পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়ের পর থেকে প্রত্যাশিত ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। সবশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারও সেই হতাশা বাড়িয়েছে। বিপরীতে নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। তবে অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে চান না শান্ত।
‘আমাদের গত দুই-তিনটা ম্যাচ ভালো যায়নি, এটা সত্যি। কিন্তু ওইটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে কিভাবে ভালো করতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। কোথায় ভুল করেছি, কোথায় আরেকটু ভালো করতে পারতাম, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই কন্ডিশনে ব্যাটসম্যান ও বোলাররা কিভাবে ভালো করতে পারে, সেটাই এখন ভাবছি,’ বলেন বাংলাদেশ অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেসাররা সাধারণত বাড়তি সুবিধা পান। এবারো তেমন প্রত্যাশা শান্তর। তবে শুধু পেসারদের ওপর নির্ভর করতে চান না তিনি। অভিজ্ঞ স্পিনারদের কাছ থেকেও কার্যকর সহায়তা চান অধিনায়ক। তার মতে, পেসারদের দায়িত্ব বেশি থাকলেও স্পিনাররা সঠিক সময়ে সমর্থন দিতে পারলে প্রতিপক্ষকে চাপে রাখা সম্ভব।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের আগের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিও আত্মবিশ্বাস জোগাচ্ছে শান্তকে। সেই সাফল্য প্রমাণ করে, এই দেশে ভালো খেলা এবং ম্যাচ জেতা অসম্ভব নয়। তবে অতীতের অর্জনকে অনুপ্রেরণা হিসেবে নিলেও মাঠে পরিকল্পনার বাস্তবায়নকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
দলের ভালো করার ব্যাপারে নিজের বিশ্বাসের কথা জানাতে গিয়ে শান্ত বলেন, ‘আমার তো অনেক বিশ্বাস। আসলে বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। পুরো দল বিশ্বাস করে যে এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজে বাংলাদেশের সামনে তাই কঠিন পরীক্ষা। তবে অধিনায়কের বার্তা স্পষ্ট—প্রস্তুতির সীমাবদ্ধতা কিংবা সাম্প্রতিক ব্যর্থতা নয়, মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলাই হবে সাফল্যের পথ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








