
সিলেটের সবুজে ঘেরা চা-বাগানগুলোর মধ্যে রয়েছে এমন কিছু জনগোষ্ঠী, যাদের ক্রীড়া প্রতিভা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। এসব জনগোষ্ঠীর তরুণরা বিভিন্ন খেলাধুলায় অবদান রাখলেও ক্রিকেটে তাদের অংশগ্রহণ এখনো সীমিত।
এবার সেই চিত্র বদলাতে চায় সিলেটের ক্রিকেট কর্তৃপক্ষ। তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবনের উদ্যোগে চা-বাগানের জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে প্রতিভার নতুন উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রচলিত ধারার বাইরে খেলাটিকে ছড়িয়ে দেয়া, চা-বাগান থেকে প্রতিভাবান তরুণদের খুঁজে বের করা এবং সংগঠিত প্রতিযোগিতা ও প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে তাদের দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়াই এ উদ্যোগের লক্ষ্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সিলেট থেকে নির্বাচিত পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী মনে করেন, এ অঞ্চলের ক্রিকেট উন্নয়ন পরিকল্পনায় এসব জনগোষ্ঠী আরো বেশি গুরুত্ব পাওয়ার দাবিদার।
তিনি স্বীকার করেন, অন্যান্য খেলায় উল্লেখযোগ্য উপস্থিতি ও অবদান থাকা সত্ত্বেও অতীতে তাদের ক্রীড়া প্রতিভা যথাযথভাবে অন্বেষণ করা হয়নি।
সিলেটের হকির ঐতিহ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর খেলোয়াড়দের অবদানের কথা স্মরণ করে তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক জুম্মন লুসাই ও রামা লুসাইয়ের উদাহরণ তুলে ধরেন।
কাইয়ুম চৌধুরীর বিশ্বাস, চা-বাগানের তরুণদের খুঁজে বের করে ক্রিকেটে উৎসাহিত করা গেলে এ খেলাতেও একই ধরনের সাফল্য আসতে পারে।
তিনি বলেন, ‘প্রতিভা খুঁজে বের করতে আমরা আন্তঃচা-বাগান ক্রিকেট টুর্নামেন্ট কিংবা অন্য কোনো কর্মসূচি আয়োজনের কথা ভাবতে পারি। এসব জনগোষ্ঠীর অনেক তরুণ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আমরা তাদের খেলাধুলায়, বিশেষ করে ক্রিকেটে সম্পৃক্ত হতে উৎসাহিত করতে পারি।’
আন্তঃচা-বাগান টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য প্রদর্শনের প্রাথমিক মঞ্চ হতে পারে। একইসাথে এর মাধ্যমে মূলধারার ক্রিকেট উন্নয়ন নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাগুলো থেকে সম্ভাবনাময় ক্রিকেটার খুঁজে বের করা সম্ভব হবে।
প্রতিভা অন্বেষণের পাশাপাশি এ ধরনের উদ্যোগ এসব জনগোষ্ঠীর তরুণদের সংগঠিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়াবে এবং বৃহত্তর সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার পথ তৈরি করবে।
তবে চা-বাগানের জনগোষ্ঠীকে ক্রিকেট উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত করতে শুধু একটি টুর্নামেন্ট আয়োজনই যথেষ্ট নয়। প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের যেন প্রাথমিক পর্যায়ে সুযোগ পাওয়ার পর হারিয়ে যেতে না হয়, সে জন্য নিয়মিত প্রতিযোগিতা, খেলার মাঠের সুবিধা এবং উচ্চপর্যায়ের ক্রিকেটে পৌঁছানোর সুসংগঠিত পথ তৈরি করা জরুরি।
সিলেটের তৃণমূল ক্রিকেট কাঠামো পুনর্গঠনের বৃহত্তর প্রচেষ্টারই অংশ এ উদ্যোগ। বছরের পর বছর ধরে এ কাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে।
রাজিন সালেহ, অলক কাপালি, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদের মতো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার উপহার দিলেও ধারাবাহিক প্রতিভা বিকাশের পথ ধরে রাখতে হিমশিম খাচ্ছে এ অঞ্চল।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন মনে করেন, সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট পুনরায় চালু করা অত্যন্ত জরুরি।
২০০৩-০৪ ও ২০০৪-০৫ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগীয় দলের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় জাতীয় দলে সিলেটের ছয়জন ক্রিকেটার ছিলেন। এ ছাড়া আরও দুই-তিনজন খেলোয়াড় উঠে আসছিলেন।
রাজিন সালেহ, অলক কাপালি ও তাপস বৈশ্যের মতো ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক স্থানীয় ক্রিকেট কাঠামোর মধ্য দিয়ে উঠে এসেছিলেন। এ কাঠামো তাদের বিভাগীয় দল এবং পরবর্তী সময়ে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি করে দিয়েছিল।
কিন্তু ঘরোয়া প্রতিযোগিতায় ধারাবাহিকতা ধীরে ধীরে হারিয়ে যাওয়ায় প্রতিভা বিকাশের সেই পথ দুর্বল হয়ে পড়ে।
নাচন বলেন, ‘সে সময় আমাদের স্থানীয় লিগ ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। সেখান থেকেই খেলোয়াড়েরা উঠে এসে জাতীয় ক্রিকেট লিগে সিলেটের প্রতিনিধিত্ব করত এবং একপর্যায়ে জাতীয় দলে জায়গা পেত। কিন্তু ধীরে ধীরে লিগের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। ফলে আমরা আর আগের মতো খেলোয়াড় তৈরি করতে পারিনি।’
জেলা প্রশাসন এখন নিয়মিত প্রতিযোগিতা আয়োজন, স্কুল ও বয়সভিত্তিক ক্রিকেট সম্প্রসারণ এবং নারী ক্রিকেটে আরো বেশি গুরুত্ব দেয়ার উদ্যোগ নিতে চায়।
গত বছর আয়োজিত স্কুল ক্রিকেট এবারও চালু রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৃহত্তর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে প্রতিভা অন্বেষণ কর্মসূচি আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
অবকাঠামো এখনো বড় বাধা। সিলেটে ক্রিকেটের জন্য আলাদা কোনো মাঠ নেই। জেলার প্রধান স্টেডিয়ামটিতে ফুটবল, ক্রিকেট, হকি ও অন্যান্য খেলাধুলার আয়োজন করা হয়।
এ কারণে নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন কঠিন হয়ে পড়েছে। একইসাথে খেলার মাঠ ও স্টেডিয়ামের অন্যান্য সুযোগ-সুবিধাও বড় ধরনের সংস্কারের দাবি রাখে।
নাচন জানান, বিভিন্ন খেলা যাতে নির্বিঘ্নে পরিচালনা করা যায়, সে জন্য আরেকটি মাঠ বা স্টেডিয়াম গড়ে তোলার বিষয়টি প্রশাসন বিবেচনা করছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বহুল আলোচিত গ্রিন গ্যালারি প্রকল্পটিও নতুন করে বিবেচনা করতে চায় জেলা ক্রীড়া সংস্থা। গত ১০ থেকে ১৫ বছর ধরে এ প্রকল্প নিয়ে আলোচনা হলেও বাস্তবে তা খুব একটা এগোয়নি।
চা-বাগানের তরুণদের জন্য উন্নত অবকাঠামো ও নিয়মিত ঘরোয়া ক্রিকেট সূচি তৈরি করা গেলে একসময় অনানুষ্ঠানিক অংশগ্রহণের গন্ডি পেরিয়ে সংগঠিত ক্রিকেট ব্যবস্থায় প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
কাইয়ুম চৌধুরী মনে করেন, অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে ক্রিকেটের প্রসার ঘটলে এর ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সুফলও পাওয়া সম্ভব। তার মতে, ক্রীড়ার উন্নয়ন কার্যক্রম প্রতিষ্ঠিত শহরকেন্দ্রের বাইরে ছড়িয়ে দেয়া প্রয়োজন।
তিনি বলেন, তবে চ্যালেঞ্জ হবে এই ধারণাকে একটি টেকসই কর্মসূচিতে রূপ দেয়া, যাতে এটি মাঝেমধ্যে নেয়া কোনো উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না থাকে।
আন্তঃচা-বাগান টুর্নামেন্ট হতে পারে সূচনা। তবে প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রতিভাবান তরুণেরা ধারাবাহিক সুযোগ, যথাযথ প্রশিক্ষণ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশগ্রহণের সুবিধা পাচ্ছেন কি না, তার ওপর।
প্রস্তাবিত উদ্যোগ বাস্তব রূপ পেলে বাংলাদেশের তৃণমূল ক্রিকেট উন্নয়নে সিলেটের চা-বাগানগুলো হয়ে উঠতে পারে নতুন এক সম্ভাবনাময় ক্ষেত্র। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








