
সৌদ শাকিলের দৃঢ় ব্যাটিং ও বৈরী আবহাওয়ার সহায়তায় শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন ভেস্তে দিয়েছে পাকিস্তান। শুক্রবার রাওয়ালপিন্ডিতে পঞ্চম ও শেষ দিনে ড্র হয়েছে দুই দলের প্রথম টেস্ট।
দিনের প্রথম সেশনে চার উইকেট তুলে নিয়ে জয়ের সুবাস পাচ্ছিল শ্রীলঙ্কা। মধ্যাহ্নভোজের বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫১ রান। লিড ছিল ১৩৯ রানের। তবে শাকিলের লড়াকু ৯৭ রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৮৪ রান তুলে ২৭২ রানের লিড নিয়ে দিন শেষ করে পাকিস্তান।
প্রথম ইনিংসে ৯৩ রান করা শাকিল আবারো সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। লাহিরু কুমারার বলে বোল্ড হওয়ার পর দুই দলের খেলোয়াড়েরা ড্র মেনে নেন।
২১০ বলের ইনিংসে সাতটি বাউন্ডারি হাঁকান শাকিল।
মধ্যাহ্নভোজের আগে আলোর স্বল্পতার কারণে ২০ মিনিট খেলা বন্ধ থাকাও পাকিস্তানকে সহায়তা করে। এরপর শাকিল ও গাজি ঘোরি ৬ষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার বোলারদের সামলে দেন। ঘোরি করেন ৩৫ রান।
শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার মিলান রত্নায়েকে। ৪৭ রানে ৩ উইকেট নেন তিনি। আসিথা ফার্নান্দো ৩৫ রানে এবং কুমারা ৬৫ রানে দুটি করে উইকেট শিকার করেন।
প্রথম চার দিনের প্রতিটিতেই শেষ সেশনে আলোর স্বল্পতার কারণে খেলা বিঘ্নিত হয়। নির্ধারিত ৩৬০ ওভারের মধ্যে ১১৭ ওভার খেলা সম্ভব হয়নি। ফলে ম্যাচে ফলাফল পাওয়ার সম্ভাবনা কঠিন হয়ে পড়ে।
চতুর্থ দিন ভালো অবস্থানে থেকেও সুযোগ হাতছাড়া করে শ্রীলঙ্কা। পাকিস্তানের ৯ উইকেটে ৪৩৪ রানে ইনিংস ঘোষণার জবাবে একসময় ৬ উইকেটে ৪০৪ রান করেছিল তারা। কিন্তু শেষ ছয় উইকেট হারিয়ে ৪৪৬ রানে অলআউট হয় সফরকারীরা।
পাকিস্তানের হয়ে অভিষেক হওয়া চার ক্রিকেটারের একজন পেসার সাকিব খান ১৩০ রানে ৭ উইকেট নেন।
একই ভেন্যুতে আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ব্যাটসম্যানদের প্রশংসা করে বলেন, ‘সবাই ধারণা করেছিল এই উইকেটে ব্যাটিং করা কঠিন হবে। তবে আমাদের ওপেনাররা যেভাবে উইকেটের সাথে মানিয়ে নিয়ে ভালো সূচনা এনে দিয়েছে, তার কৃতিত্ব তাদের প্রাপ্য।’
শ্রীলঙ্কার খেলোয়াড়দেরও কৃতিত্ব দিয়েছেন তিনি। আজম বলেন, ‘সাকিব দুর্দান্ত বোলিং করার আগে ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস যেভাবে জুটি গড়েছে, সেটিরও প্রশংসা করা উচিত।’
সকালে লেগ সাইডে ফিল্ডার রেখে ফাঁদ পেতে বাবরকে আউট করে শ্রীলঙ্কা। রত্নায়েকের বলে শর্ট স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দেন ৩৪ রান করা পাকিস্তান অধিনায়ক।
একইভাবে রত্নায়েকের বলে আউট হন সালমান আগাও। ১৩ রান করে তার বিদায়ে ১২৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
এর আগে দিনের প্রথম বলেই উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। আগের দিনের ৫৭ রানের সঙ্গে আর কোনো রান যোগ হওয়ার আগেই ২২ রান করা আজান আওয়াইসকে ফেরান কুমারা। পরের ওভারে আসিথা ফার্নান্দো মোহাম্মদ তাহাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। ২৪ রান করা তাহার বিদায়ে ৫৭ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।
২২ রানে বাবরকে ফেরানোর সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। ফার্নান্দোর বলে তার ব্যাটের কানায় লাগা বল সহজেই ধরতে পারতেন কামিন্দু মেন্ডিস। কিন্তু ক্যাচটি ফেলে দেন তিনি।
এরপর শাকিলকে নিয়ে চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়েন বাবর। ছয়টি চার হাঁকানোর পর বাজে শট খেলে আউট হন তিনি।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








