আজকের জয়ের নায়ক ম্যাট হেনরি
আজকের জয়ের নায়ক ম্যাট হেনরি। সংগৃহীত

৩৩৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফিরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ২৬.৪ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ২৪৪ রানের বিশাল ব্যবধানে।

Advertisement

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩৩৩ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন উইল ইয়ং। ১০৮ বলে ১২৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা।

এছাড়া টিম সেইফার্ট ৪৮ বলে ৫৮ রান করে তাকে ভালো সঙ্গ দেন। ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে ৪১ রান। ভারতের হয়ে অক্ষর প্যাটেল, গুরনুর ব্রার ও অকিব নবী দু’টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ম্যাট হেনরির করা ইনিংসের প্রথম বলেই ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। পঞ্চম বলে বোল্ড হন বিরাট কোহলি। আর শেষ বলে শ্রেয়াস আইয়ারকে এলবিডব্লিউ করে দেন হেনরি।

তাতে ০ রানে ৩ উইকেট হারানোর লজ্জায় ডুবে ভারত। ওয়ানডে ক্রিকেটে দলটির ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। যদিও আন্তর্জাতিক ওয়ানডেতে শূন্য রানে প্রথম তিন উইকেট হারানোর ঘটনা এর আগে চারবার ঘটেছে।

ব্যক্তিগতভাবেও দিনটি ভুলে যেতে চাইবেন রোহিত শর্মা। ১৭২টি ওয়ানডেতে ওপেনার হিসেবে ইনিংসের শুরুতে স্ট্রাইক নেয়ার পর এই প্রথমবার প্রথম বলেই আউট হলেন তিনি।

একই ম্যাচে রোহিত ও কোহলির শূন্য রানে ফেরার ঘটনাও বিরল। ওয়ানডে ক্রিকেটে এ নিয়ে দ্বিতীয়বার একই ম্যাচে দু’জনই ডাক মেরে ফিরলেন। এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে একই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান।

এরপরও অবশ্য ভারতের বিপর্যয় থামেনি। ৫ রানে রুতুরাজ গায়কোয়াড়ের বিদায়ের পর দলীয় ৫৩ রানে পঞ্চম উইকেট হারায় তারা। ষষ্ঠ উইকেটে ইশান কিষান ও অক্ষর প্যাটেল ৪৪ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন।

কিন্তু ২১ রান করা অক্ষরকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন ম্যাথু ফিশার। ২৭ রান করে ইশানও বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ দিকে নামান ধীর ২৪ বলে ২১ রান করেন। কিন্তু তার বিদায়ের পর ভারতের ইনিংস আর এগোয়নি। ৮৯ রানেই থামে সফরকারীদের ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে একাই ভারতকে গুঁড়িয়ে দিয়েছেন ম্যাট হেনরি। ৯.৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ম্যাথু ফিশার পেয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন হেনরি।

এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যবধান ২-১ করেছে নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সিরিজের শেষ ম্যাচটি হবে রোববার। ভারত এগিয়ে থাকলেও শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ থাকছে স্বাগতিকদের।