
২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলীয় ক্রিকেটের। আট বছর পর উসমান খাজার আত্মজীবনীতে ওঠে আসা নতুন অভিযোগ ঘিরে আবারো উত্তপ্ত ক্রিকেট অস্ট্রেলিয়া।
যেখানে খাজা দাবি করেন, কেপটাউন টেস্টের আগেই পোর্ট এলিজাবেথ টেস্ট থেকে বল বিকৃতিতে শিরিষ কাগজ ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া। শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটার—স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট নন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে পুরো দলই জানত বলে দাবি তার।
খাজার বক্তব্যকে ‘১০০ ভাগ সত্য’ বলে সমর্থন দিয়েছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স তার দাবিকে বলেছেন ‘পুরোপুরি ভিত্তিহীন’। দুই ক্রিকেটারের বিপরীত অবস্থানে পুরোনো সেই কেলেঙ্কারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
নেপাল প্রিমিয়ার লিগে খেলতে কাঠমান্ডুতে থাকা ডেভিড ওয়ার্নার ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আট বছর ধরে এ বিষয়ে আমি একটি শব্দও বলিনি। তবে উজি (উসমান খাজা), আমি তোমার সাথে সম্পূর্ণ আছি। তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ, তা ১০০ ভাগ সত্য।’
বই বিক্রির জন্য এতো দিন পর এসব কথা বলা হচ্ছে—এমন সমালোচনাও উড়িয়ে দিয়েছেন ওয়ার্নার। তার বক্তব্য, ‘অবশেষে মানুষ আসল সত্যটা জানতে পারল। মানুষ যা জানতে চেয়েছিল, তুমি তা সামনে এনেছ।’
খাজার আত্মজীবনীতে বলা হয়েছে, সে সময় তিনি পুরো দলকে যৌথভাবে ঘটনার দায় নেয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তার সেই আহ্বান উপেক্ষা করা হয়। তদন্তের সময়ও তার বক্তব্য নেয়া হয়নি। ওয়ার্নারের মতে, এখন খাজার দিকে আঙুল না তুলে বরং তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে জবাবদিহিতা চাওয়া উচিত।
২০১৮ সালের নিউল্যান্ডস টেস্টে বল বিকৃতির ঘটনায় স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তিনজনকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ওয়ার্নারের ওপর আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, যা ২০২৪ সালে তুলে নেয় বোর্ড।
তবে এই তিনজন নয়, পুরো দল জড়িত ছিল এই প্রক্রিয়ায়— খাজার এমন অভিযোগের জবাবে কামিন্স বলেন, ‘উসমান যখন বলছে, আমরা সবাই জানতাম—যদি সে বোঝাতে চায়, মাঠে শিরিষ কাগজ নেয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে সে ১০০ ভাগ ভুল বলছে। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। এমন কিছু ঘটছে, তা আমি জানতাম না।’
তিনি আরো বলেন, ‘কিন্তু উসমান এর চেয়েও গুরুতর কথা বলেছে। তার দাবি, আমি ও অন্যরা শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির পরিকল্পনার নেপথ্যে ছিলাম। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্ভট কথা।’
খাজার বক্তব্যে বিস্ময় প্রকাশ করে কামিন্স বলেন, ‘এ সপ্তাহে জানতে পেরে আমি সত্যিই বিস্মিত হয়েছি যে উসমান স্বীকার করেছে, শিরিষ কাগজ ব্যবহারের সময় সে ক্যামেরন ব্যানক্রফটকে সাবধানে থাকতে বলেছিল। এটা আমার পরিচিত উসমান নয়।’
তবে খাজার নিজের অভিজ্ঞতা তুলে ধরার অধিকার আছে বলেও স্বীকার করেছেন কামিন্স। তিনি বলেন, ‘আমি তাকে নিজের গল্প বলার অধিকারকে শতভাগ সমর্থন করি। সে এটা বলতে পারছে, তাতে আমি খুশি। তবে আমরা যা বলি ও করি, তার জন্য আমাদের জবাবদিহি করতে হবে।’
একদিকে তদন্তের স্বচ্ছতা নিয়ে ওয়ার্নারের প্রশ্ন, অন্যদিকে খাজার অভিযোগকে কামিন্সের সরাসরি প্রত্যাখ্যান—সব মিলিয়ে আট বছর আগের বল টেম্পারিং কেলেঙ্কারি আবারো অস্ট্রেলীয় ক্রিকেটে অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








