
ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে সেমিফাইনালে নেমেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বোলিং তোপে সেই স্বপ্ন এখন বড় শঙ্কায়। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৩১.৪ ওভারেই মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেছে যুব টাইগারদের ইনিংস।
ওপেনার আব্দুল্লাহ আল মুহির ফিফটিও দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে একাই ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার রিজওয়ানউল্লাহ। ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য এখন মাত্র ১৩৯ রান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের ম্যাচে মালয়েশিয়াকে রেকর্ড ২০৫ রানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও শুরু থেকেই ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পায়নি দল।
উদ্বোধনী জুটিতে যোগ হয় মাত্র ৪ রান। ১ রান করে মোহাম্মদ সাইয়ামের শিকার হন জারিফ সিয়াম। দলীয় ২৫ রানে সাইয়ামের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন কাউসার আহমেদ। তার ব্যাট থেকে আসে ৯ রান। এরপর অধিনায়ক ফরিদ হাসানকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন আব্দুল্লাহ আল মুহি।
তবে ৪৩ রানের জুটি ভাঙে রিজওয়ানউল্লাহর বলে ফরিদের বিদায়ে। ৯ রান করে ফেরেন অধিনায়ক। পরের ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। হাসনাইন আব্বাস দারের বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আহসান আল মুমিন। দলীয় ৬৯ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
পঞ্চম উইকেটে ২৯ রান যোগ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন মুহি ও সঙ্গী ব্যাটার। কিন্তু ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার পরই রিজওয়ানউল্লাহর দ্বিতীয় শিকার হন মুহি। ৪৫ বলে ৫০ রান করেন এই ওপেনার। দলীয় ৯৮ রানে তার বিদায়ের পর বাংলাদেশের ইনিংসের কার্যত শেষের শুরু।
এরপর দ্রুত ভেঙে পড়ে লোয়ার অর্ডার। আল রাফি ২০ রান করলেও রিজওয়ানউল্লাহর তৃতীয় ও চতুর্থ শিকার হয়ে ফেরেন তিনি ও রবিউল হাসান অনিক। ১১১ রানে ৭ উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।
রুবায় ইসলাম রিজন শূন্য রানে ফিরলে আরো বিপাকে পড়ে দল। শেষ দিকে রাকিবুল হোসেন ২৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ১৩৬ রানে তার উইকেট নিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন রিজওয়ানউল্লাহ।
শেষ উইকেট হিসেবে শেখ আতিকুর রহমানকে ১ রানে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন আহমেদ হুসাইন। পাকিস্তানের রিজওয়ানউল্লাহ ছাড়াও মোহাম্মদ সাইয়াম পান ২ উইকেট। এছাড়া আহমেদ হুসাইন, আলী রাজা ও হাসনাইন আব্বাস দার একটি করে উইকেট শিকার করেন।
উল্লেখ্য, গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারলেও শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ড জয়ের পর সেমিফাইনালে এসে এমন ব্যাটিং বিপর্যয় নিঃসন্দেহে বড় ধাক্কা।
এখন ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বল হাতে অবিশ্বাস্য কিছু করতে হবে বাংলাদেশের বোলারদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








