সাফ চ্যাম্পিয়নশিপ, ভারত, মালদ্বীপ
ভারত ১৫ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিবারই শেষ চারে খেলেছে। ইন্টারনেট

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের আধিপত্যের গল্পটা পুরোনো। এবারো সেই ধারাবাহিকতায় ছেদ পড়েনি। দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসেও গ্রুপ পর্বে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে ভারতের কাছে হেরে এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে মালদ্বীপের।

Advertisement

আজ বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। একই গ্রুপ থেকে আগেই শেষ চার নিশ্চিত করেছিল পাকিস্তান। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে দলটি।

ভারতের জন্য সাফে সেমিফাইনালে ওঠা যেন নিয়মিত ঘটনা। এখন পর্যন্ত ১৫ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিবারই শেষ চারে খেলেছে দলটি। এর মাঝে ৯ বার চ্যাম্পিয়ন, ৪ বার রানার্সআপ ও একবার তৃতীয় হয়েছে ভারত। ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়ে শিরোপা জিতেছিল তারা।

মালদ্বীপের বিপক্ষে ভারতের জয়সূচক গোলটি আসে প্রথমার্ধে। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন সুহাইল আহমদ ভাট। এবারের আসরে এটি তার তৃতীয় গোল। এর আগে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। তিন গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার পাশে আছেন পাকিস্তানের নাজিব উল্লাহও।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করেছে মালদ্বীপ। প্রথমার্ধে বলের দখলে ৫৫ শতাংশ নিয়ন্ত্রণও ছিল তাদের। তবে সেই আধিপত্য কাজে লাগিয়ে ভারতের রক্ষণে বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি দলটি।

বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় মালদ্বীপ। তবে ভারতীয় রক্ষণভাগের দৃঢ়তায় সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়। ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেছিল ভারতও। কিন্তু আর কোনো গোল না হওয়ায় সুহাইলের পেনাল্টি থেকেই পাওয়া গোলটি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই হারে দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া মালদ্বীপের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রেখেছে ভারত।