কোচ, সারোয়ার ইমরান, চাকরি, বাংলাদেশ নারী ক্রিকেট দল, নিগার সুলতানা, এশিয়ান গেমস, এশিয়া কাপ, বিসিবি, অস্ট্রেলিয়া, কোচিং স্টাফ, ফিটনেস, বিশ্ব চ্যাম্পিয়ন
নিগার সুলতানা ও ইনসেটে নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান। সংগৃহীত

নারী ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যের গণ্ডি ভেঙে কঠোর অনুশীলন ও শৃঙ্খলার মাঝে আনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই চেষ্টাই শেষ পর্যন্ত চাকরি হারানোর কারণ হয়েছে বলে মনে করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে বরখাস্তের নেপথ্য কারণ, দলের অনুশীলন সংস্কৃতি, ক্রিকেটারদের ফিটনেস ও অধিনায়ক নিগার সুলতানার সাথে সতীর্থদের সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন অভিজ্ঞ এই কোচ।

একটি অনলাইন প্লাটফ্রমে দেয়া সাক্ষাৎকারে সারোয়ার জানান, এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে তার আর কোনো যোগাযোগ হয়নি। অস্ট্রেলিয়া সফরে তাকে না পাঠানোর কথা জানিয়ে একটি চিঠি দেয়া হয়েছিল।

এরপর আর কোনো ব্যাখ্যা পাননি তিনি। তার দাবি, নারী দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার আগে বিসিবি তার সাথে কোনো আলোচনাও করেনি।

সারোয়ার বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আমি শুধু একটি চিঠি পাই যে, আমি অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি না, কারণ অন্য একজন কোচ সেখানে যাচ্ছেন। বিসিবির সাথে আমার যোগাযোগ বলতে এটুকুই ছিল।’

কোচিংয়ের দায়িত্ব নেয়ার পর দলের অনুশীলন পরিবেশে যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, সেটি হলো ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী চলার প্রবণতা।

তার মতে, কোচিং স্টাফের সদস্যরাও খেলোয়াড়দের সাথে কঠোর হওয়ার বদলে তাদের কথাকেই বেশি গুরুত্ব দিতেন। এতে উন্নতির জায়গাগুলো অচেনাই থেকে যাচ্ছিল।

সারোয়ারের ভাষায়, ‘আমি যখন নারী দলে যোগ দিই, তখন দেখি বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেইনার, ফিজিও—সবাই খুব চুপচাপ। নারী ক্রিকেটাররা যা বলেন, তারা তা-ই শোনেন।’

তিনি বলেন, ‘অথচ এই কমফোর্ট জোনে থাকলে খেলোয়াড়দের উন্নতি হওয়া সম্ভব নয়। আর এ কারণেই আমাদের দলটি পাঁচ বছর আগেও যেমন ছিল, এখনো ঠিক তেমনই রয়ে গেছে।’

অনুশীলনে ক্রিকেটারদের ইচ্ছার ওপর অতিরিক্ত নির্ভরতার একটি উদাহরণও দিয়েছেন তিনি। এক স্পিনার ৩০ বল করার পর আর বোলিং করতে না চাইলে কোচও তাকে থামতে দিয়েছিলেন বলে দাবি করেন সারোয়ার।

তার মতে, এমন মানসিকতা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করা কঠিন। প্রয়োজনে খেলোয়াড়দের বকাঝকা করাকেও কোচের দায়িত্বের অংশ মনে করেন তিনি।

দলের ফিটনেস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এই কোচ। তার দাবি, প্রথম একাদশের অর্ধেকেরও বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস ছিল না; অনেকের ফিটনেস গড়ের নিচে। এ অবস্থায় অল্প অনুশীলনে বড় সাফল্যের প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মনে করেন তিনি।

সারোয়ার বলেন, ‘আমি যদি মনে করি মাত্র ৩০টি বল করেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যাবে, তবে তা কখনোই সম্ভব নয়।’

নিজের কোচিংয়ের ধরন নিয়ে ওঠা বদমেজাজি হওয়ার অভিযোগও নাকচ করেছেন সারোয়ার। তার মতে, কোচের সাথে খেলোয়াড়ের সম্পর্ক বন্ধুত্বের নয়; বরং পেশাদার। তিনি বলেন, ‘একজন কোচ খেলোয়াড়ের বন্ধু হতে পারেন না, কারণ বন্ধু হলে তো আর কোনো খেলোয়াড়কে দল থেকে বাদ দেয়া সম্ভব নয়।’

দলের ভেতরে অধিনায়ক নিগার সুলতানা ও অন্য ক্রিকেটারদের সম্পর্ক নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। সরাসরি কোনো উপদল থাকার কথা না বললেও তার দাবি, দলের সবাই অধিনায়কের সমান ঘনিষ্ঠ ছিলেন না।

সারোয়ারের ভাষায়, ‘দলের ভেতরে কোনো উপদল আছে কিনা তা বলতে পারবো না, তবে কেউ কেউ অধিনায়কের ঘনিষ্ঠ ছিল, আবার কেউ কেউ ছিল না।’