
ব্যাট হাতে একাই দলকে টেনে নিয়ে গেলেন আহসান আল মুমিন। এরপর বল হাতে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামালেন তাফিউল আলম তামিম। দুইজনের দুর্দান্ত নৈপুণ্যে যুব এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৮ উইকেটে ৩০৩ রান তোলে তারা। জবাবে তামিমের বিধ্বংসী বোলিংয়ে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।
বাংলাদেশের জয়ের নায়ক দুইজন। চার নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১৩৩ বলে ১৫২ রান করেন সহ-অধিনায়ক মুমিন। ১০ চার ও ৬ ছক্কায় সাজানো তার ইনিংসটি। অন্যদিকে মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট নেন তামিম।
যুব এশিয়া কাপের ইতিহাসে এর চেয়ে ভালো বোলিংয়ের নজির আছে কেবল একটিই। ২০০৩ সালের আসরে বাংলাদেশের বিপক্ষে ১৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন ভারতের ইরফান পাঠান।
শুরুটা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৪ রানেই ৬ ব্যাটসম্যানকে হারায় দল। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মুমিন। সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সাথে গড়েন ৭৯ রানের জুটি।
৪৯ বলে ফিফটি তুলে নেওয়া মুমিনের সাথে এই জুটিতে অনিকের অবদান ছিল ৪৫ রান। অনিক ফিরলে আবার চাপে পড়ে বাংলাদেশ। রুবাই ইসলাম রিজনও দ্রুত ফিরে যান। এরপর নবম উইকেটে আল আমিন হোসেনকে নিয়ে দলের ইনিংসকে বড় করেন মুমিন।
৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে আল আমিনের অবদান ৮ রান, বাকি ৬৮ রানই আসে মুমিনের ব্যাট থেকে। ১০২ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যা টেনে নিয়ে যান। দেড় শ’ পর্যন্ত। তাতেই তিন শ’ পেরোনো সংগ্রহ পায় বাংলাদেশ।
৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে মালয়েশিয়া। পাওয়ার প্লের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এক প্রান্তে লড়াই চালিয়ে ৮১ বলে ৫০ রান করেন নাগিনেশ্বরন সাথনাকুমারান।
তবে তার ইনিংসও দলকে বড় হার থেকে বাঁচাতে পারেনি। মালয়েশিয়ার পাঁচ ব্যাটসম্যান রানের খাতা খুলতে পারেননি। তামিমের ৭ উইকেটের পাশাপাশি রিজন নেন ২টি।
সুবাদ্ব তিন ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন আফগানিস্তানের পয়েন্ট ৬, বাংলাদেশের ৪। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত অথবা পাকিস্তান। আগামী বৃহস্পতিবার হবে শেষ চারের লড়াই। প্রতিপক্ষ নিশ্চিত হবে আজ (মঙ্গলবার)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








