
টেস্ট ক্রিকেটে ১৪৯ বছরের ইতিহাসে এমন দৃশ্য দেখা যায়নি আগে। এক ম্যাচে দুই দল মিলে তিনটি ইনিংসে তুলেছে পাঁচ শ’ বা তার বেশি রান। শারজায় জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার টেস্টে ঘটেছে অবিশ্বাস্য এই ঘটনা। পাঁচ দিনের লড়াই শেষে ম্যাচটি ড্র হলেও রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে দুই দল।
ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে তোলে ৫০৪ রান। জবাবে আফগানিস্তানের সংগ্রহ ৫১৪। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরো বড় সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। তাতেই টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে তিনটি ইনিংসে পাঁচ শ’ ছাড়ানো দলীয় সংগ্রহ দেখা গেল।
এর আগে এক ম্যাচে অন্তত দুইটি ইনিংসে পাঁচ শ’ বা তার বেশি রান হয়েছে ৪৯ বার। তবে তিন ইনিংসে এমন সংগ্রহ এই প্রথম।
শুধু তা-ই নয়, টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে একই ম্যাচের দুই ইনিংসেই পাঁচ শ’ বা তার বেশি রান করার কীর্তিও গড়েছে জিম্বাবুয়ে।
রান প্রাচুর্যের এই ম্যাচে পাঁচ দিনে দুই দল মিলে তুলেছে ১ হাজার ৫৪১ রান। টেস্ট ইতিহাসে এক ম্যাচে দুই দলের সর্বোচ্চ রানের তালিকায় এটি ৪১তম। ৪০ উইকেটের মাঝে পড়েছে মাত্র ২৫টি। সব মিলিয়ে ব্যাটসম্যানদের দাপটে শারজার টেস্ট হয়ে উঠেছিল রান-উৎসব।
ম্যাচের ব্যক্তিগত অর্জনেও ছিল একাধিক চমক। জিম্বাবুয়ের ৪১ বছর বয়সী ক্রেগ আরভিন দ্বিতীয় ইনিংসে তুলে নেন অপরাজিত ২০৬ রান। টেস্টে এটি তার প্রথম ডাবল সেঞ্চুরি।
৪১ বছর ৮২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করে তিনি জায়গা করে নিয়েছেন এই কীর্তির সবচেয়ে বেশি বয়সী ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে। তার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ান ও ইংল্যান্ডের জ্যাক হবস।
জিম্বাবুয়ের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ৪০ বছর ২৭৬ দিন বয়সী ব্রেন্ডন টেলর। পরে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন ওয়েলেসলি মাধেভেরে। টেস্টে এটি তার প্রথম শতক। চল্লিশোর্ধ্ব দুই ব্যাটসম্যানের একই ম্যাচে সেঞ্চুরি দেখার ঘটনা ঘটল ১৯২৬ সালের পর প্রথমবার।
শারজা টেস্টে সব মিলিয়ে হয়েছে সাতটি সেঞ্চুরি। এক ম্যাচে সর্বোচ্চ আটটি সেঞ্চুরির রেকর্ড অবশ্য অক্ষতই রয়েছে। ২০০৫ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা এবং ২০১৩ সালে গলে শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্টে আটটি করে সেঞ্চুরি হয়েছিল।
শেষ দিনে আরভিনের ডাবল সেঞ্চুরির পর মাধেভেরের সেঞ্চুরিতে ড্র মেনে নেয় দুই দল। ফলের বিচারে নিষ্প্রাণ মনে হলেও পরিসংখ্যানের পাতায় শারজা টেস্ট হয়ে থাকবে ব্যতিক্রমী এক ম্যাচ হয়ে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








