উইকেট শিকারের পর উদযাপনে ওয়েস্ট ইন্ডিজ
উইকেট শিকারের পর উদযাপনে ওয়েস্ট ইন্ডিজ। সংগৃহীত

সমতাতেই শেষ হলো সিলেট টেস্ট। পাঁচ দিনের রোমাঞ্চকর লড়াই শেষে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। ফলে ম্যাচ হার এড়ালেও সিরিজ হাতছাড়া হলো টাইগারদের। অন্যদিকে ১-০ ব্যবধানে সিরিজ জয়ের আনন্দ নিয়ে ঘরে ফিরছে ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৬৯ রানের লক্ষ্য নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৪ রান। জয়ের জন্য তখনো প্রয়োজন ছিল ১৮৫ রান। এমতাবস্থায় ড্র মেনে নেয় দুই দল।

এদিন ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে মাঠে নেমেই নাঈম হাসানের বলে কাভেম হজের উইকেট হারায় তারা। আগের দিনের ১৪০ রানের সাথে মাত্র ২ রান যোগ করতে পারেন তিনি। দ্রুত ফেরেন জাস্টিন গ্রিভস (৯) ও শামার জোসেফ (১)। 

তবে শেষ দিকে দ্রুত রান তোলার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। জশুয়া বিশপ ১১ বলে অপরাজিত থাকেন ২০ রান নিয়ে, সাথে ৩৯ রান নিয়ে ছিলেন আমির জাঙ্গু। শেষ পর্যন্ত ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে পাওয়া ৩০ রানের লিড বাদ দিলেও জয়ের জন্য প্রয়োজন দেখা দেয় ৩৬৯ রান। লক্ষ্যটা কঠিন, বরং টেস্টে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডের চেয়েও অনেক বড়। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩৩ রানে উদ্বোধনী জুটি ভেঙে ফেরেন তানজিদ তামিম (২১)। ৯ রান যোগ হতেই আউট হন নাজমুল হোসেন শান্তও (১৪)। চোটের কারণে সাদমান ইসলাম ব্যাট করতে না পারায় কার্যত ৩ উইকেট নেই তখন দলের।

এমতাবস্থায় হাল ধরেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। শুরু থেকেই সাবধানী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করেন তারা। সময় যত গড়িয়েছে, ততই জমাট হয়েছে তাদের প্রতিরোধ। দ্বিতীয় সেশনে কোনো উইকেটই নিতে পারেনি ক্যারিবীয়রা।

এর মাঝে নিজের অর্ধশতক তুলে নেন হৃদয়। প্রথম ইনিংসে ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলা এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আলো ছড়ান। ছিলেন সেঞ্চুরির পথে। তবে তা আর হয়নি, চা বিরতি থেকে ফিরে ১৪০ বলে ৮২ রান করে আউট হন তিনি।

এরপর দ্রুত ফেরেন মুশফিকও। ৪৯ রান করে আউট হন তিনি। তবে আউট হওয়ার আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ১০৭তম টেস্টের ১৯৭তম ইনিংসে এসে অনন্য এই কীর্তি গড়েন তিনি।

মুশফিক আউট হওয়ার পর আর ১ রান যোগ হতেই আলোকসল্পতায় বন্ধ হয় খেলা। বিকেল ৪টায় মাঠে নেমে আলো পর্যবেক্ষণ করার কথা ছিল আম্পায়ারদের। তবে তার আগেই দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন।

উল্লেখ্য, সিলেট টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। এরপর নিজেরা ব্যাট করতে নেমে ৩৮৬ রান করে বাংলাদেশ। ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন তাওহীদ হৃদয়।