
দীর্ঘদিনের বাজে ফর্মের খেসারত দিতে হলো মার্নাস লাবুশেনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। সোমবার তাকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত জানানো হয়।
৬৮টি টেস্ট খেলা এই ব্যাটার দক্ষিণ আফ্রিকা সফরের আগে থেকেই চাপের মুখে ছিলেন। তিন টেস্টের সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হন তিনি।
অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘এ মুহূর্তে প্রথম টেস্ট তো বটেই, নিউজিল্যান্ড সিরিজের জন্যও আমরা লাবুশেনকে বিবেচনা করছি না।’
তিনি আরো বলেন, ‘দলে তার জায়গা নিয়ে অনেক জল্পনা চলছে। তাই আমার মনে হয়, এতে সে কিছুটা সময় পাবে ও শেফিল্ড শিল্ডের পরবর্তী পর্বের ম্যাচগুলো সামনে রেখে তার দলীয় অবস্থান নিয়ে চলা জল্পনারও অবসান হবে।’
একসময় বিশ্বের শীর্ষস্থানীয় টেস্ট ব্যাটার ছিলেন লাবুশেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরটি তার জন্য ছিল হতাশাজনক। ওই সফরে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৩৯।
৩২ বছর বয়সী এই ব্যাটার ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন। তবে ঘরোয়া লাল বলের প্রতিযোগিতায় আবারও ফর্ম ফিরে পেলে তাকে দলে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দেননি বেইলি।
তিনি বলেন, ‘অবশ্যই, সেই সম্ভাবনা এখনো রয়েছে।’
বেইলি আরো বলেন, ‘আমরা সবাই জানি, নিজের সেরা ছন্দে মার্নাস কতটা ভালো এবং কার্যকর ব্যাটার। কিন্তু সাম্প্রতিক সময়ে সে সেই পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে কাউকেই আমরা স্থায়ীভাবে দলের বাইরে রাখিনি বলে আমার মনে হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’
৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে। শেফিল্ড শিল্ডের পরের পর্বের খেলা বুধবার শুরু হচ্ছে। ওই পর্ব শেষে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হবে।
লাবুশেন বাদ পড়ায় ধারণা করা হচ্ছে চার নম্বর থেকে তিন নম্বরে উঠে আসতে পারেন স্টিভ স্মিথ।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








