
জয়ের জন্য প্রয়োজন ৩৬৯ রান। লক্ষ্যটা কঠিন, বরং টেস্টে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডের চেয়েও অনেক বড়। এমন সমীকরণ সামনে রেখে সিলেট টেস্টের শেষ দিনে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ।
তবে সেই চাপ সামলে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে দারুণ প্রতিরোধ গড়েছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এখন ড্রয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। ৪৮ ওভারে ২ উইকেটে ১৬২ রান তুলে চা বিরতিতে গেছে দল।
এখন শেষ সেশনের ৩০ ওভার দেখেশুনে খেলতে পারলেই হার এড়াতে পারবে টাইগাররা। তবে জয়ের স্বপ্ন এখন অনেকটাই মলিন। জিততে চাইলে এখনো ২০৭ রান করতে হবে বাংলাদেশকে।
ফলে জয় নয়, আপাতত ম্যাচ বাঁচানোই বাংলাদেশের প্রধান লক্ষ্য। তেমনটা হলে অবশ্য সিরিজ জেতার আর সুযোগ নেই। সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩৮৬ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রানের।
রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩৩ রানে উদ্বোধনী জুটি ভেঙে ফেরেন তানজিদ তামিম (২১)। ৯ রান যোগ হতেই আউট হন নাজমুল হোসেন শান্তও (১৪)। চোটের কারণে সাদমান ইসলাম ব্যাট করতে না পারায় কার্যত ৩ উইকেট নেই তখন দলের।
এমতাবস্থায় হাল ধরেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। শুরু থেকেই সাবধানী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশ করেন তারা। সময় যতো গড়িয়েছে, ততই জমাট হয়েছে তাদের প্রতিরোধ। দ্বিতীয় সেশনে কোনো উইকেটই নিতে পারেনি ক্যারিবীয়রা।
এর মাঝে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন হৃদয়। প্রথম ইনিংসে ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলা এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ ছন্দে। ১৩০ বলে ৮২ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে অভিজ্ঞ মুশফিক খেলছেন ৯৯ বলে ৪০ রান নিয়ে।
এই ইনিংসেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। ১০৭তম টেস্টের ১৯৭তম ইনিংসে এসে অনন্য এই কীর্তি গড়েন তিনি। টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের। তার রান ৫২৯৩।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








