
নাঈম হাসানের স্পিন বিষে নীল হলো ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ২৪৫ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।
৪ উইকেট নিয়েছেন নাঈম হাসান, যার তিনটিই একদম শেষে। মাত্র ১০ বলে কোনো রান না দিয়েই শেষ ৩ উইকেট নেন তিনি। সেই সাথে বাংলাদেশের দশম বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন নাঈম।
আগের দিনের ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের প্রথম সেশনে তেজনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভসের ব্যাটে ভালোই এগোচ্ছিল তারা। পঞ্চম উইকেটে দুজন গড়েন ৬৫ রানের জুটি।
তবে ১৮৪ বলে ৫৬ রান করা চন্দরপলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। স্লিপে ক্যাচ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর অধিনায়ক রোস্টন চেইসকে নিয়ে প্রতিরোধ গড়েন গ্রিভস। তবে লাঞ্চের ঠিক আগে এই জুটি ভাঙেন নাঈম।
নাঈমের প্রথম শিকার হয়ে ফেরেন ৪৬ রান করা গ্রিভস। দিনের প্রথম সেশনের শেষ বলে এই উইকেট পেয়ে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে শুরুটা আক্রমণাত্মক করেন অভিষিক্ত জশুয়া বিশপ। কিন্তু ভয়ঙ্কর হওয়ার আগেই তাকে থামান মিরাজ। তার ঘূর্ণিতে বোকা হয়ে ১১ বলে ১৫ রান করে স্টাম্পড আউট হন এই ব্যাটার।
এরপর নাঈমের ঘূর্ণিতে দ্রুত শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১০ বলে ৪ রান করা শামার জোসেফকে ফিরিয়ে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাঈম। একই ওভারের শেষ বলে ফেরান জোমেল ওয়ারিক্যানকেও।
শেষ উইকেটে রোস্টন চেইসকে সঙ্গ দিচ্ছিলেন জেইডেন সিলস। এক ওভার পর বোলিংয়ে এসে তাকেও ফেরান নাঈম। তাতেই শূন্য রানে শেষ ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
৬০ বলে পাঁচ চারে ৪৩ রানে অপরাজিত থাকেন চেইস। বাংলাদেশের হয়ে ৩৩ রানে ৪ উইকেট নেন নাঈম। পাশাপাশি মিরাজ ও শরীফুলও রেখেছেন অবদান। মিরাজ ও শরীফুল নেন দুটি করে উইকেট।
প্রথম ইনিংসে ২৭২ রান করা বাংলাদেশ এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ২৭ রানের লিড নিয়ে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








