ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সাদমান ইসলাম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সাদমান ইসলাম। সংগৃহীত

সেঞ্চুরির জন্য অপেক্ষাটা বাড়ল সাদমান ইসলামের। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার সময় তিন অঙ্ক ছোঁয়া থেকে মাত্র এক রান দূরে ছিলেন তিনি। অপেক্ষায় আছেন ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেয়ার।

Advertisement

দিনভর ধৈর্য আর মনোযোগের পরীক্ষা দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন শেষ করেছেন ২১৯ বল খেলে ৯৯ রানে অপরাজিত থেকে। তার ব্যাটেই ভর করে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।

শুরুটা অবশ্য সহজ ছিল না সাদমানের। বুধবার ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে রান পেতে বেশ সময় নিয়েছেন তিনি। এর মাঝেই আউট হয়ে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম (৭)। চাপ আরো বাড়ে তার উপর।

এরপর মুমিনুল হককে নিয়ে দলের হাল ধরেন সাদমান। দু’জনের ৫৯ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলায় বাংলাদেশ। মুমিনুল ৫১ বলে ২৮ রান করে ফিরলেও ক্রিজে থেকে যান সাদমান। জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে।

তবে মধ্যাহ্ন বিরতির পর ১৯ রান করে শান্ত ফিরলে আবারো নতুন করে ইনিংস গড়ার দায়িত্ব পড়ে তার কাঁধে। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে এগিয়ে যান সাদমান। চতুর্থ উইকেটে দু’জনের ৮৮ রানের জুটিতে বাংলাদেশের ইনিংস পায় স্থিতি। 

চা বিরতির আগেই ফিফটি তুলে নেয়া সাদমান ধীরে ধীরে এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। তবে জুটির শেষটা সুখকর হয়নি বাংলাদেশের জন্য। পেশিতে টান ধরে ৪২ রান করে স্ট্রেচারে মাঠ ছাড়েন হৃদয়।

এরপর লিটন দাসকে সাথে নিয়ে সাদমান ইনিংস এগিয়ে নেন। কিন্তু কিছুক্ষণ পরই আলোকস্বল্পতায় বন্ধ হয় খেলা। আলো কিছুটা স্বাভাবিক হলে আবার মাঠে ফেরেন দুই ব্যাটার। কিন্তু এরপর মাত্র ৪ ওভার খেলা হয়।

বাংলাদেশের সংগ্রহ ২০৭ থেকে ২১৩ হতেই দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। তখন সাদমানের রান ৯৯, লিটন অপরাজিত ৭ রানে। এরপর আলো স্বাভাবিক না হলে শেষ হয় প্রথম দিনের খেলা।

দিন শেষে সেঞ্চুরি না পেলেও বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন সাদমান। দ্বিতীয় দিনে মাঠে নেমেই সেই অপেক্ষা ঘোচানোর সুযোগ থাকবে তার সামনে।