
শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ইনিংসের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করছেন সাদমান ইসলাম। তার সাথে তাওহিদ হৃদয়ের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ১৭৭ রান তুলে চা-বিরতিতে স্বাগতিকরা।
মিরপুরে বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৭ রান করে ফেরেন তানজিদ হাসান। এরপর সাদমানের সাথে দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল হক।
তবে ৫১ বলে ২৮ রান করেই থামতে হয় মুমিনুলকে। জোমেল ওয়ারিকানের বলে শামার জোসেফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে জুটি গড়েন সাদমান।
তবে ইনিংস বড় করতে পারেননি শান্তও। বিরতি থেকে ফিরেই ওয়ারিকানের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ১৯ রান করে। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত নিজেদের পক্ষে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
১১০ রানে ৩ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেন সাদমান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৬৭ রান। শুরুতে রান পেতে ধুঁকলেও সময়ের সাথে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন সাদমান।
তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি। চা-বিরতিতে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি, হৃদয়ের রান ৩৬। শেষ সেশনে এই জুটি বড় করতে পারলে প্রথম ইনিংসে ভালো সংগ্রহের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
মিরপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বর্তমান চক্রে হাতে থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জিততে হবে তাদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








