
শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। তবে জুটিটা বড় হয়নি, লাঞ্চের ঠিক আগে বিদায় নেন মুমিনুল। ২ উইকেটে ৯৬ রান নিয়ে বিরতিতে গেছে টাইগাররা।
মিরপুর টেস্টের প্রথম দিনে বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডেন সিলস ও শামার জোসেফের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বচ্ছন্দে খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। সপ্তম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি।
সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। ২৩ বলে ৭ রান করেন এই ওপেনার। এরপর সাদমানকে সাথে নিয়ে ইনিংস সামাল দেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে ৮৮ বলে ৫৯ রান যোগ করেন দুজন। সাচ্ছন্দ্যেই এগিয়ে যাচ্ছিলো স্কোর।
কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। জোমেল ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিড অফের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। ৫১ বলে ২৮ রান করে ফিরতে হয় তাকে।
মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে অবিচ্ছিন্ন জুটি গড়েন সাদমান। আর কোনো বিপদ ছাড়াই শেষ করেন প্রথম সেশন। সাদমান অপরাজিত আছেন ৪২ রানে, শান্ত ব্যাট করছেন ১৫ রান নিয়ে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








