
শুরুটা ছিল দুর্দান্ত। একসময় ১ উইকেটে ২০৩ রান তুলে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপরই বদলে গেল গল্প। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২৬ রানে বাকি ৯ উইকেট হারিয়ে ৩২৯ রানে গুটিয়ে গেছে প্রোটিয়ারা।
কেপটাউনের নিউল্যান্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে এমন নাটকীয় ব্যাটিং ধস দেখেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত শুরুতে ভুল মনে হলেও দিন শেষে সেটিই হয়ে ওঠে সঠিক সিদ্ধান্ত।
দুই ওপেনার এইডেন মার্করাম ও মার্কেস অ্যাকারম্যানের ব্যাটে দুর্দান্ত শুরু পায় দক্ষিণ আফ্রিকা। প্রথম উইকেটে দুজন গড়েন ১৫৮ রানের জুটি। অ্যাকারম্যান ৯৪ বলে ৯৫ রান করে ফিরলেও মার্করাম এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে।
শেষ পর্যন্ত ১৪১ বলে ৭৮ রান করে জশ হ্যাজলউডের শিকার হন মার্করাম। তিনি ফেরার পরই শুরু হয় ধস। ১ উইকেটে ২০৩ থেকে ২৩২ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
এরপর শেষ দিকে এসে রায়ান রিকেলটন ও মার্কো জানসেন হাল ধরেন। তাদের ৯৫ রানের জুটি দলকে আবার প্রোটিয়াদের লড়াইয়ে ফেরায়। রিকেলটন ৪২ করে ফেরার পর জানসেন আউট হন ৫২ রান নিয়ে। ৮ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
কিন্তু এরপর আর দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৮১তম ওভারে রিকেলটন ও জানসেনকে ফিরিয়ে ধসের শেষ পর্ব শুরু করেন স্টার্ক। পরে জেরাল্ড কোয়েটজে ও কাগিসো রাবাদাকেও রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন।
তাতেই ৩২৯ রানেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। শেষ হয় প্রথম দিনের খেলাও। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্কই ছিলেন সবচেয়ে সফল। ১৬.৩ ওভারে ৭২ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। নাথান লায়ন পেয়েছেন ২ উইকেট।
তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আর সিরিজ নির্ধারণী শেষ টেস্টের প্রথম দিনেই এসে দুই দলের লড়াই জমে উঠেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








