শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম। ফাইল ছবি

বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডিথ্রি ট্রফির নিলামে সর্বোচ্চ দর পেয়েছেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন গ্রুপ। দুই কোটির ঘরে দাম উঠেছে তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমেরও।

Advertisement

তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন। আর ২ কোটি পয়েন্টে তানজিদকে কিনেছে ফরচুন। এ ছাড়া ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দল পেয়েছেন হাসান মাহমুদ ও সাইফ হাসান। হাসানকে নিয়েছে ব্লুস্টার।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। একই দামে ওয়ালটনে গেছেন লিটন দাস। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিককে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন। খালেদ আহমেদ ও শেখ মেহেদী হাসানের দাম উঠেছে দেড় কোটি পয়েন্ট। খালেদকে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট, মেহেদীকে এইচ ব্লুস্টার।

এছাড়া এনামুল হক বিজয় ৯০ লাখ, মুমিনুল হক ও তাইজুল ইসলাম ৮০ লাখ এবং নাহিদ রানা ও সৌম্য সরকার ৭৫ লাখ পয়েন্টে দল পেয়েছেন। রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে নিয়েছে ফরচুন। আর মোস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।

বিগ ব্যাশে খেলার কারণে মোস্তাফিজ ও রিশাদকে ডিথ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে পাওয়া যাবে না। তবে ওয়ানডে সংস্করণে খেলার সুযোগ রয়েছে তাদের।

আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে শুরু হবে ডি থ্রি ট্রফি। ছয় দলের এই টুর্নামেন্টে ক্রিকেটার বাছাই হচ্ছে অর্থের বদলে পয়েন্টের হিসাবে। নিলামে রাখা হয়েছে ২৭৫ ক্রিকেটারকে। এর বাইরে ছয় আইকন ক্রিকেটার আগেই দল পেয়েছেন। প্রতিটি দল তিন সংস্করণ মিলিয়ে ২২ জনের স্কোয়াড গড়বে, সর্বোচ্চ ব্যয়সীমা ১০ কোটি পয়েন্ট।

আইকন ক্রিকেটারদের মধ্যে ব্লুস্টারে নুরুল হাসান সোহান, ফরচুনে তাওহীদ হৃদয়, অ্যাকমিতে মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ নাঈম শেখ, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম এবং ওয়ালটনে মেহেদী হাসান মিরাজ খেলবেন।

টি-টোয়েন্টির পর জানুয়ারিতে চার দিনের এবং মে মাসে ৫০ ওভারের সংস্করণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিন সংস্করণ মিলিয়ে মোট ম্যাচ হবে ৪২টি। উদ্বোধনী ম্যাচ ও ফাইনালসহ বেশির ভাগ খেলা হবে বরিশালে, সাতটি ম্যাচ হবে মিরপুরে।

নিলামে পয়েন্টের হিসাব থাকলেও ম্যাচ ফি নির্ধারিত হয়েছে টাকায়। চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে ক্রিকেটাররা পাবেন দেড় লাখ টাকা, এক দিনের ম্যাচে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।