অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন গ্রিন
ক্যামেরুন গ্রিন। ফাইল ছবি

ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই টেস্ট খেলতে না পারা অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ফিরতে যাচ্ছেন। 

Advertisement

তবে তৃতীয় টেস্টে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে হবে গ্রিনকে। দলের মেডিক্যাল টিমের কাছ থেকে বোলিং করার অনুমতি পাননি তিনি। 

চলমান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় পেটে মাংসপেশির ইনজুরিতে পড়েন গ্রিন। দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশের ফুলটস বল গ্রিনের পেটে আঘাত করে। পরবর্তীকালে পেটের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন তিনি। 

ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি গ্রিন। তৃতীয় টেস্ট দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। এত দ্রুত মাঠে ফিরতে পারবেন, সেটি ভাবতেই পারেননি গ্রিন। তৃতীয় টেস্টেও খেলা হবে না বলে ধারণা ছিল তার। 

গ্রিন বলেন, ‘আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। পুরোপুরি না হলেও এত দ্রুত চোট সেরে যাওয়ায় অবাক হয়েছি। অন্তত ব্যাটিং তো করতে পারবো। এখন মাঠে ফিরে সিরিজের শেষ ম্যাচে দলের জন্য অবদান রাখতে চাই।’ 

গ্রিন ফেরায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন হচ্ছে, এটি একরকম নিশ্চিত। এতে একাদশ থেকে বাদ পড়তে পারেন ওপেনার নিক ম্যাডিসন ও পেস বোলিং অলরাউন্ডার বেউ ওয়েবস্টারের মধ্যে যেকোনো একজন। দ্বিতীয় টেস্টে ম্যাডিসন ৮ ও ওয়েবস্টার ২১ রান করেন। 

আগের দুই টেস্টেই ওপেনার হিসেবে নেমেছিলেন ম্যাডিসন। পরের ম্যাচের একাদশ থেকে ম্যাডিসন বাদ পড়লে ট্রুাভিস হেডের সাথে ইনিংস শুরু করবেন ম্যাট রেনশ। সেক্ষেত্রে মিডল অর্ডারে রেনশর পাঁচ নম্বর জায়গায় দেখা যাবে গ্রিনকে। 

তবে ওয়েবস্টারকে বাদ দিলে একজন পেসার কম নিয়ে মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। যেহেতু গ্রিন বোলিং করতে পারবেন না, সেহেতু ওয়েবস্টারকে একাদশ থেকে বাদ দেয়ার ঝুঁকি নিবে না অজিরা। তাই তৃতীয় টেস্টের একাদশ সাজাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অসি টিম ম্যানেজমেন্টকে।

ওয়েবস্টার বাদ পড়লে, সাত নম্বরে খেলতে হবে গ্রিনকে। ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত গ্রিন। তিনি বলেন, ‘আমার মনে হয়, ব্যাটিং অর্ডারে যেকোনো জায়গায় খেলার জন্য আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। তবে আমি চার বা পাঁচ নম্বরে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। পাশাপাশি এটিইও ঠিক যে, আমাদের দলে বেশ কিছু অসাধারণ ক্রিকেটার এই পজিশনে ব্যাট করে থাকে। এজন্য তাদেরকেই সবার আগে প্রাধান্য দিতে হবে।’

আগামী ২৭ অক্টোবর কেপ টাউনে সিরিজ নির্ধারণী টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। 

ডারবানে প্রথম টেস্ট ২১৪ রানে জিতে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। এরপর গেবেরহাতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৩১ রানে জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। 

অধিনায়ক তেম্বা বাভুমার লড়াকু সেঞ্চুরি এবং দুই পেসার মার্কো জানসেন ও কাগিসো রাবাদার বোলিং দৃঢ়তায় সিরিজের সমতা ফেরায় প্রোটিয়ারা। বাভুমা ১৭৯ রান, জানসেন ৮৫ ও সিমোন হার্মার ৮২ রান করেন। বল হাতে জানসেন ৬ ও রাবাদা ৬ উইকেট শিকার করেন।