
প্রথম দুই ম্যাচ খেললেও, ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ তিন টি-টোয়েন্টিতে খেলবেন না নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি।
কাজের চাপ বিবেচনায় বিশ্রাম দেয়া হয়েছে হেনরিকে। টি-টোয়েন্টি শেষে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ২ নভেম্বর অকল্যান্ডে ওয়ানডে দলের সাথে যোগ দেবেন তিনি।
ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন না আরেক পেসার লুকি ফার্গুসন। কাজের চাপ বিবেচনায় তাকেও বিশ্রাম দেয়া হয়েছে। তবে সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন ফার্গুসন।
ফার্গুসনের জায়গায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন পেসার কাইল জেমিসন। প্রথম দুই ম্যাচে খেলেননি তিনি।
সিরিজের শেষ ম্যাচের জন্য দলে নেয়া হয়েছে পেসার ব্লেয়ার টিকনারকে। আবার শেষ দুই ম্যাচের জন্য দলে রাখা হয়েছে পেসার জশ ক্লার্কসনকে।
তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাকআপ হিসেবে দলে নেয়া হয়েছে ম্যাট ফিশারকে। ওই ম্যাচ শেষে ভারত ‘এ’ দলের বিপক্ষে ম্যাচের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দলে সাথে যোগ দেবেন তিনি।
পেসারদের কাজের চাপ বিবেচনায় নিয়েই সবাইকে সব ম্যাচে না খেলানোর কথা জানান নিউজিল্যান্ড কোচ বব ওয়াল্টার। তিনি বলেন, ‘সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে। তাই ক্রিকেটারদের চাপের কথা মাথায় রাখতে হচ্ছে আমাদের। সবাইকে সব ম্যাচে রাখা যাবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা ভাগ্যবান। আমাদের দলের বোলিং গভীরতা দুর্দান্ত। পেস আক্রমণ সামলানোর জন্য আমাদের দলে অনেক বোলার আছে। প্রধান বোলারদের চাপ কমাতে তাদের সহায়তা করতে হবে।’
৪ নভেম্বর থেকে ওয়ানডে এবং ১৯ নভেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ভারত।
ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজের দু’টি শেষ করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুই ম্যাচই ৪ উইকেটে জিতেছে ভারত। পরের তিন ম্যাচ হবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








